Wednesday, June 15, 2011

বিয়ে - ৩

বরষাকে দেখলে মহাকাব্যের নায়িকা মনে হত। একটা প্রেম ছিল। ছেলেটা আচমকা মারা যাবার পর ওর নায়িকাসুলভ চেহারায় বিষন্নতার ছাপ মেঘনাদপ্রিয়ার কথাই মনে করিয়ে দিত। সে কারো সাথে খুব একটা কথা বলত না, কলেজে আসত ক্কচিৎ কখনো।

রাহির সাথে বরষার কথাবার্তা ‘কেমন আছ, ভালো আছি’র গন্ডী পেরোয় কলেজে মার্কশীট আনতে গিয়ে। দু’জনে দুই কলেজে অনার্সে ভর্তি হয়েছে, এই নিয়ে কথা বলতে বলতে অনেক কথা হয়ে গেল। বরষা রাহির ফোন নাম্বার চাইলে ও মনে মনে ভাবল, “দুই বছরে তোমার কারো সাথে কথা বলার সময় হয়নি, আর তুমি করবে আমাকে ফোন!”, কিন্তু নাম্বার দিয়ে দিল।

রাহিকে অবাক করে দিয়ে সেদিন বিকেলেই বরষা ওকে ফোন করল। তারপর থেকে প্রতিদিনই সে ফোন করত। রাহি বুঝতে পারল, বহুদিন পর বিষন্নতা কাটিয়ে উঠে বরষা হঠাৎ যখন আবিষ্কার করল ওর আশেপাশে আর কেউ অবশিষ্ট নেই তখন সে বন্ধুত্বের জন্য মরিয়া হয়ে উঠেছে। রাহির তাতে সমস্যা নেই। কিভাবে কিভাবে যেন সব সমস্যাগুলো খুঁজেপেতে ওর কাছে চলে আসে! সে এতে এত অভ্যস্ত যে ওর কাছে এখন এটা স্বাভাবিক ব্যাপার বলেই মনে হয়।

অতিরিক্ত সুন্দরী মেয়েদের বেলা যা হয়, ছাত্রীত্ব বজায় রাখার জন্য যতটুকু ক্লাস না করলেই নয় তার বাইরে বরষা কোথাও যেতে পারত না। রাহি মাঝেমধ্যে বরষার বাসায় যেত বটে কিন্তু বিশাল বন্ধুগোষ্ঠীর সবাইকে সবসময় খুশী করা সম্ভব হতনা। তাই ওদের দু’জনের বন্ধুত্ব মূলত ফোনে ফোনেই অগ্রসর হতে থাকে। এভাবেই ওরা জেনে যায় পরস্পরের সমস্ত খবর, আদানপ্রদান হয় সকল সংবাদ।

প্রায় একবছর পর একদিন বরষা রাহিকে ফোন করে জানায়, “আজ আমাকে দেখতে আসবে”।
এটা কোন নতুন ব্যাপার নয়, ওর জন্য প্রায় প্রতিদিনই নিদেনপক্ষে একহালি প্রস্তাব আসত, তার মধ্যে অনেক বেছেবুছেও ওকে প্রায়ই জনসমক্ষে প্রদর্শনী দিতে হত। তবে এবার ওকে বেশ উৎফুল্ল মনে হচ্ছিল। রাহি খুব খুশী হোল বান্ধবীকে আনন্দিত দেখে।
হঠাৎ বরষা বলে বসল, “জানো? তোমার বিবেচনার ওপর আমার ভীষণ আস্থা। তুমি রাজী হলেই কেবল আমি এই বিয়েতে মত দেব, নতুবা নয়”।
বরষার শিশুসুলভ সরলতায় রাহি হেসে ফেলল, “শোন, সংসার আমি করবনা, করবে তুমি- পছন্দ করার দায়িত্ব তোমার আর তোমার পরিবারের। তারপর যেখানে যা সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আমি আছি ইনশাল্লাহ”।

বরপক্ষ চলে যাওয়ামাত্র রাহিকে ফোন করল বরষা। ওর কথা শুনেই রাহি বেশ বুঝতে পারছিল এই বিয়ের ব্যাপারে বরষার কোনপ্রকার দ্বিধা নেই। ওকে দেখার জন্য ওর হবু শ্বশুরবাড়ীর সবাই এসেছিল। সে তাদের আচরণে মুগ্ধ আর হবু শ্বাশুড়ীকে সে তখন থেকেই মা ডাকতে শুরু করে দিয়েছে! ওর গলায় উচ্ছাস শুনে রাহির মনে হোল বহুদিন পর বরষা স্বাভাবিক তরুণীসুলভ উচ্ছলতায় জেগে উঠেছে, যে বিষন্নতা ওকে সবসময় আচ্ছন্ন করে রাখত তার লেশমাত্র নেই এই নতুন বরষায়! মন থেকে বান্ধবীর হবু শ্বশুরবাড়ীর সবাইকে পছন্দ করে ফেলল রাহি।

সাতদিন পর হঠাৎ বরষার গলার সেই উচ্ছাস কেমন যেন স্তিমিত মনে হোল।
“কি হয়েছে বরষা?”, উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল রাহি।
“এমন লজ্জার কথা কি করে বলি রাহি? কি করে আব্বা আম্মাকে বোঝাই?”
“আগে বল তো কি হয়েছে?”
“আমার আপা এই বিয়ে ভেঙ্গে দিতে চায়”।
“যাহ!”
“তুমিও যদি আমার কথা বিশ্বাস না কর তাহলে কে করবে বল?”, হতাশ হয়ে যায় বরষা।
“আচ্ছা, আমি বিশ্বাস করলাম। কিন্তু তোমার এমন কেন মনে হোল আমাকে বুঝিয়ে বল। আমার তো মনে হয় বড় আপা তোমাকে অত্যন্ত স্নেহ করেন”।
“তা তো করেই, এই ব্যাপারে কোন সন্দেহ নেই। কিন্তু ও কিছুতেই হিংসা দমন করতে পারছেনা।“
“হিংসা?”
“তোমাকে তো বলেছি ও পালিয়ে বিয়ে করেছে। সেজন্য ও আজ পর্যন্ত শ্বশুরবাড়ীতে বৌয়ের মর্যাদা পায়নি। আব্বা আম্মাও ওর সাথে বহুবছর যোগাযোগ রাখেননি। মাত্র গত বছর থেকে ওর অসহায়ত্বের কথা ভেবে ওরা ওকে বাসায় আসতে দিচ্ছেন। তাও আমাকে দেখানোর সময় ওকে ডাকা হয়নি। ওর বিয়েতে কেউ যায়নি ও ছাড়া। আর আমার বিয়েতে শুধু দেখার জন্যই সম্পূর্ণ শ্বশুরকুল এসেছিল। আব্বা আম্মা আমার বিয়েতে এমন ধুমধাম করছেন যা মানুষ সচরাচর বড় মেয়ের বিয়েতে করে। ও কিছুতেই এসব হজম করতে পারছেনা। আমাকে দেখে যাবার চারদিন পর যেদিন ওরা আংটি পরাতে এলো, আপা দুপুর থেকেই বাসায় এসে বসে রইলো। আম্মা মানা করার পরও সে অনুষ্ঠানে সবার সামনে এসে বসল। তখন ওকে পরিচয় করিয়ে দিতে হোল। পরদিন ও এসে আম্মাকে বলে, ‘এই বিয়ে ভেঙ্গে দাও’। আম্মা অবাক হয়ে বলল, ‘কেন?’ ও বলল, ‘ছেলের ফিগার ভালো না’। আম্মা বলল, ‘এতে বরষার যদি সমস্যা না হয় তো তোর সমস্যা কি? ওর শ্বাশুড়ী তো প্রতিদিন ফোন করে ওর সাথে কথা বলে। ও যেখানে খুশী সেখানে ফিগার দিয়ে কি হবে?’ কিন্তু আপাকে তো আমি চিনি। ও যা ঠিক করে তা করেই ছাড়ে। আমার কেন যেন মনে হচ্ছে ও এই বিয়ে হতে দেবেনা”।
রাহি বলল, “তুমি তোমার আব্বা আম্মাকে জানিয়ে রাখ যে তোমার এই প্রস্তাব কতটা পছন্দ। শান্ত থাক। সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ”।

কিন্তু ঠিক হোলনা। সাতদিন প্রতিদিনই বরষা রাহিকে বড় আপার নানান কার্যক্রমের বিবরণ শোনাতে লাগল। মহিলার ধৈর্য্য এবং অধ্যাবসায়ে রাহি মুগ্ধ! অষ্টম দিন বরষা ফোন করে বলল, “রাহি, আমি আংটি ফেরত পাঠিয়ে দিয়েছি। বড় আপা বিশ্বস্তসূত্রে খবর এনেছে ছেলের চারিত্রিক সমস্যা আছে”।
রাহি একটু অবাক হোল। আর যাই হোক, চারিত্রিক বিষয়ে মানুষ সহজে মিথ্যা বলেনা। সুতরাং, বড় আপা হয়ত এ’ব্যাপারে মিথ্যা বলেননি। তবু সে বরষাকে জিজ্ঞেস করল, “বিশ্বস্ত সূত্রটা কে, তুমি চেন?”
সে বলল, “মলি আপা, যিনি আমাদের বিয়ের ঘটকালী করেছেন।“
ব্যাপারটা রাহির কাছে বেখাপ্পা মনে হোল। কোন মহিলা কি জেনেশুনে আরেকজন মহিলার ক্ষতি করতে পারে? রাহি বলল, “বরষা, তুমি একবার মলি আপাকে ফোন করে জিজ্ঞেস কর। বল, বড় আপাকে উনি কি বলেছেন তুমি নিজে শুনতে চাও”।
“কি লাভ রাহি? আমি এই বিয়ের চিন্তা বাদ দিয়েছি”।
“তারপরও তুমি একটা ফোন কর”।
“আচ্ছা, তুমি যখন বলছ আমি ফোন করে কথা বলছি”।

একঘন্টা পর বরষা ফোন করে কাঁদতে কাঁদতে অস্থির, “রাহি, আমি কল্পনাও করতে পারিনি আমার আপা আমার এতবড় ক্ষতি করবে! মলি আপার সাথে ওর দেখাই হয়নি! আর উনি বলছেন, ‘তোমার আংটি পেয়েছি কিন্তু তুমি কি করে ধারণা করলে আমি তোমার এমন সর্বনাশ করতে পারি? এমন ছেলে তুমি আরেকটা পাবেনা’। কিন্তু আমি তো নিজের হাতে সব শেষ করে দিলাম! এখন আমি কি করব রাহি?”
রাহি সান্তনা দেয়ার ভাষা খুঁজে পেলনা।

দু’দিন পর বরষা ফোন করে জানালো ছেলে ওকে আংটি ফেরত পাঠিয়েছে। সাথে সাথে ওর আব্বাকে ফোন করে অনুমতি নিয়ে ওর সাথে কথা বলেছে। জীবনে প্রথম আলাপ। অথচ সে কি বকা! “আপনাকে আংটি কি মলি আপা পরিয়েছিল? আপনি কি বুঝে ওনাকে আংটি ফেরত পাঠালেন? ভাগ্য ভালো যে উনি আমার মাকে জানানোর আগে আমাকে খবর দিয়েছিলেন! আপনি জানেন আমার মা এই খবর পেলে কি পরিমাণ কষ্ট পেতেন? নিন, আমার ফোন নাম্বার রাখুন। ভবিষ্যতে আমার চরিত্র নিয়ে কোনপ্রকার সন্দেহ হলে সরাসরি আমাকে ফোন করে জেনে নেবেন। তারপর সন্তুষ্ট না হলে আমি নিজে এসে আংটি ফেরত নিয়ে যাব। শুনুন, আপনার এই কান্ডকীর্তির ব্যাপারে আমার মাকে জানানোর প্রয়োজন নেই। আরেকটা কথা, আপনি কি সারাজীবন এভাবে মানুষের কথা শুনে সিদ্ধান্ত নেবেন না নিজেও কিছু বুদ্ধি খরচ করবেন?” বকা খেয়েও বরষা খুশী হোল। ওর ভুলের প্রায়শ্চিত্ত করা গেল এবং হবু শ্বাশুড়ীকে কষ্ট দেয় হোলনা। ওর গল্প শুনে রাহিও বান্ধবীর খুশীতে আপ্লুত হোল।

বড় আপার চেষ্টা অব্যাহত রইলো। আব্বা আম্মা সাবধান হয়ে যাওয়াতে উনি সুবিধা করতে পারছিলেন না। সাতদিন পর উনি অস্থির হয়ে চরম সিদ্ধান্ত নিলেন। বরষা বুঝতে পারছিল ওনার উদ্দেশ্য সুবিধার নয়। কিন্তু বুঝে উঠার আগেই উনি ওর আব্বা আম্মার রুমে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিলেন। ভেতর থেকে ফোন করার শব্দ পেয়ে সে দৌড়ে ড্রয়িং রুমের ফোন তুলেই ওপাশ থেকে ওর হবু বরের গলা শুনতে পেল, “হ্যালো”। বড় আপা নিজের পরিচয় দিলেন, তারপর বরষার চরিত্র নিয়ে যে বানোয়াট ফিরিস্তি শুরু করলেন তাতে বরষার দুচোখ দিয়ে প্লাবন নেমে এলো।
অনেকক্ষণ পর হবু বর জিজ্ঞেস করলেন, “আপনি এসব কথা আমাকে কেন বলছেন”।
বড় আপা মোহনীয় কন্ঠে বললেন, “আমি আপনার শুভাকাংখী, আপনার উপকার করতে চাই”।
হবু বর বললেন, “সরি, যিনি নিজের বোনের ক্ষতি করেন, তার উপকার আমি গ্রহণ করতে ইচ্ছুক নই”।
বরষার হৃদয় দুলে উঠলো। কিন্তু ততক্ষণে বড় আপা প্রচন্ড কর্কশ স্বরে এমন সব গালিগালাজ শুরু করেছে যা শুনে বরষার গা রি রি করতে লাগল। ভদ্রলোক কেন ফোন রেখে দিচ্ছেন না সে বুঝতে পারলোনা। কিন্তু উনি কোন জবাবও দিচ্ছেন না। প্রায় পনেরো মিনিত পর আপা নিজেই ক্লান্ত হয়ে গেলেন। বললেন, “আপনি আছেন না রণে ভঙ্গ দিয়েছেন?”
হবু বর বললনে, “আছি”।
বড় আপা আশ্চর্য হয়ে বললেন, “তাহলে কিছু বলছেন না যে?”
ভদ্রলোক জবাব দিলেন, “আপনি তো পাগল, পাগলের কথায় কোন জবাব দিতে হয়না”।
বড় আপা ফোন ছুঁড়ে মেরে তারস্বরে কান্নাকাটি করতে লাগলেন। বরষা ফোন রেখে দিতে যাচ্ছিল, কিন্তু ওপাশ থেকে শোনা গেল, “ফোন রাখবেন না প্লীজ। আম জানি আপনি শুরু থেকেই শুনছেন”।
বরষা অপ্রস্তুত হয়ে বলল, “বড় আপার আচরণের জন্য আমি ভীষণ লজ্জিত। বিশ্বাস করুন, আমি ওকে থামাতে গেছিলাম কিন্তু ও ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে”।
হবু বর বললেন, “কোন সমস্যা নেই। উনি যেকোন কারণেই চাননা আমাদের বিয়েটা হোক। আপনি যে কাজটা করবেন তা হোল, এই ব্যাপারে আপনি কাউকে জানাবেন না, আপার সাথে স্বাভাবিক আচরণ করবেন। ওনাকে সফল হতে দেয়া যাবেনা, সুতরাং খেয়াল রাখবেন ওনার কারণে যেন বিয়েটা না ভাঙ্গে”।
বরষা অবাক হয়ে বলল, “এইমাত্র ও যা যা বলল, যা করল তারপরও আপনি আমাকে বিয়ে করবেন?”
হবু বর বললেন, “উনি যা বলেছেন সব মিথ্যা- আপনিও জানেন, আমিও জানি। উনি তো এমন বাজে কথা আমার ব্যাপারেও বলেছিলেন। তারপরও তো আপনি আমাকে বিশ্বাস করেছেন তাহলে আমি কেন আপনাকে অবিশ্বাস করব?”
“কিন্তু”
“কিন্তু কি?”
“বিয়ের পর আপনি আমাকে কথা শোনাবেন না তো?”
“শুনুন, আপনার বোন পাগল- আমি সুস্থমস্তিষ্ক, আর আপনার কোন সমস্যা থাকলে আমাকে এখনই বলতে পারেন”।
বরষা হাসতে আসতে ফোন রেখে দিল। পরে রাহি আর বরষা কথা বলতে বলতে হাসি থামাতেই পারছিল না!

বিয়ের আর সাতদিন বাকী। বরষা রাহিকে ফোন করে ক্লান্ত গলায় বলল, “আমি আর পারিনা রে!
রাহি বলল, “আবার কি হোল?”
“বড় আপা আম্মাকে আল্টিমেটাম দিয়েছে এই বিয়ে হতে পারবেনা। হলে সে আর কোনদিন এই বাসায় আসবেনা। আব্বা বাড়ী গেছিলেন তা তো জানো। উনি বাড়ী থেকে রওয়ানা দিয়েছেন। আব্বা এলেই আব্বা আম্মা ওদের বাসায় গিয়ে বিয়ে ভেঙ্গে দিয়ে আসবে”।
রাহি কি করবে বুঝে পেলোনা। এতদিন পর মেয়েটা স্বাভাবিক হতে শুরু করেছিল, ওর বোন নিজের হিংসা চরিতার্থ করতে গিয়ে ওকে নিজ হাতে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। বাসায় আবার সান্ধ্য আইন। মাগরিবের পর বের হওয়া যাবেনা। কিচ্ছু না ভেবে সে বরষাকে বলল, “আমি আসছি”।

তখন মাগরিব পার হয়ে প্রায় এশার সময় হয়ে এসেছে। বহুকষ্টে আম্মুকে বুঝিয়ে সুঝিয়ে একজন escort জোগাড় করে রাহি যখন বরষার বাসায় এসে পৌঁছুল তখন এশার আজান হচ্ছে। সে কখনো আব্বু আম্মুকে ছাড়া রাতে বের হয়নি। ওর নিজেরই কেমন যেন অস্বস্তি লাগছিল। তবুও বান্ধবীকে সাহায্য করার তাগিদে সে যখন বরষা্দের ঘরে ঢুকল তখন শুধু ড্রইং রুম ছাড়া সর্বত্র অন্ধকার। বরষার ভাইরা্ বিমর্ষ হয়ে বসে আছে। আন্টি বেড্রুমে শোয়া। বরষা আন্টির দরজায় দাঁড়িয়ে কাঁদছে। বড় আপা বিজয় সেলেব্রেট করার জন্য বাসায় চলে গিয়েছেন।

রাহির আওয়াজ পেতেই আন্টি এসে ওকে বেড্রুমে নিয়ে বসালেন। বেচারীকে পুরো পাগলের মত দেখাচ্ছে।
উনি রাহিকে সামনে বসিয়ে বললেন, “মাগো, আমার দুই মেয়ের মাঝে পড়ে আমি শেষ! ছোট মেয়ে বলে এখানে বিয়ে না হলে ও আর বিয়েই করবেনা। বড়টা বলে এখানে বিয়ে হলে সে আর বাসায় আসবেনা। এখন আমি কি করি বল তো?”
রাহি ঢোক গিলে বলল, “আন্টি, আমি অনেক ছোট। কিন্তু আপনি আনুমতি দিলে আমি ক’টা কথা বলতাম।“
“বল মা!”
“আপনার বা আংকেলের কি ছেলে বা ছেলের পরিবারের ব্যাপারে কোন সন্দেহ বা আপত্তি আছে?”
“না রে মা, আমাদের তো ঐবাড়ীর সবাইকে খুব পছন্দ আর আমার মেয়ে তো যেদিন ওকে দেখতে এলো সেদিন থেকেই শ্বাশুড়ীকে মা ডাকতে শুরু করেছে! ভদ্রমহিলা জানো ওকে প্রতিদিন ফোন করেন।”
“তার মানে এইখানে আপত্তি শুধু বড় আপার, তাইতো?”
“জ্বী”।
“বিয়েটা কি বড়আপার না বরষার?”
“বিয়ে তো বরষার”
“বড় আপা তো বিয়ে করে ফেলেছেন, তাইনা আন্টি? উনি বিয়ে করার সময় কার কার পরামর্শ নিয়েছিলেন?”
“কারোর না! জানায়ও তো নাই!”
“তাহলে আপনারা বরষার বিয়েতে ওনার কথাকে এত গুরুত্ব দিচ্ছেন কেন?”
“ও যে নাছোড়বান্দা মা! বলছে এই বিয়ে হলে ও আর আসবেনা।”
“আপনারা তো স্বচ্ছায় ওনাকে বহুবছর এই বাসায় আসতে দেননি। আরো কিছুদিন না আসুক। বরষার বিয়েটা হয়ে গেলেই উনি আবার আসা শুরু করবেন। কিন্তু ওনার একটা অহেতুক আব্দারের জন্য আপনারা বরষার জীবনটা কেন নষ্ট করবেন? সে তো আপনাদের সবাইকে নিয়ে, সবার মানসম্মানের প্রতি খেয়াল রেখেই সুখী হতে চায়। সে যখন আপনাদের এত খেয়াল রাখে, আপনি কি চাননা আপনার এই মেয়েটি সুখী হোক?”
আন্টি মাথায় হাত দিয়ে বললেন, “আমার মাথা আর কাজ করেনা মা। তুমি বল আমি কি করব, যা বলবে তাই করব”।
“ঠিক তো আন্টি? ওয়াদা?”
“হ্যাঁ মা, ওয়াদা”।
“আপনি বিসমিল্লাহ বলে বরষার বিয়েটা দিয়ে দেন। বড় আপা আসতে চাইলে আসবে, না এলে না এলো। ওনার বিয়ের পর সব ঠিক হয়ে গিয়েছে না? বরষার বিয়ের পরেও সব ঠিক হয়ে যাবে”।
রাহির কথাটা আন্টির খুব পছন্দ হোল। কিছুক্ষণ পর আংকেল এসে পৌঁছুলে সে তাঁকেও একই কথা বলল। আংকেল ওকে বসিয়ে রেখেই বরষার হবু শ্বশুরবাড়ীতে ফোন করলেন, “বাড়ী থেকে এসেছি তো, অনেক ক্লান্ত লাগছে। আজকে আর না আসি … না না, তেমন জরুরী কিছু না। এমনেই দেখাসাক্ষাতের জন্য আসতে চাচ্ছিলাম। এখন ইনশাল্লাহ বিয়ের আসরেই দেখা হবে বেয়াই। আসসালামু আলাইকুম”।

সাতদিন পর বরষার বিয়ে হয়ে গেল।

সাধারনত মানুষ ভুলে যায়। কিন্তু বরষা চরম সুখের মধ্যেও ভোলেনি রাহির কথা, যে তাকে দুর্দিনে সঙ্গ দিয়েছিল।

বিয়ে - ২

আজ কয়েক সপ্তাহ পর ঘরে ফিরে রাহির প্রথমেই মনে হোল মিনার কথা। কতদিন মিনার সাথে কথা হয়না! অথচ বাসায় থাকলে দু’জনে প্রতিদিন হয় দেখা হ্য় বা নিদেনপক্ষে ফোনে কথা হয়। বহুদিন পর ছুটি পেয়ে দাদুর বাড়ীতে থাকতে ভালোই লাগছিল, কিন্তু মিনাকে ভীষণ মিস করছিল সে।

হাতমুখ ধুয়ে কাপড় বদলেই মিনাকে ফোন করল রাহি, মায়ের চোখ রাঙ্গানী উপেক্ষা করে ফোনটা নিয়ে ড্রইং রুমে আয়শ করে বসল- লম্বা আলাপের প্রস্তুতি। ওদিক থেকে মিনার কথা যেন উপচে পড়ছে!
“কিরে, কোথায় যে গেলি! ফোন নেই, মোবাইল নেই। মনে হয় একেবারে পৃথিবীর বাইরে!”
“নারে, তোর কথা প্রতিদিন মনে হয়েছে। কিন্তু তুই তো জানিস আমরা ছাড়া আমাদের আত্মীয়স্বজন কেউ চট্টগ্রামে থাকেনা, এতদিন পর আমাকে পেয়ে কোন ছাড়াছাড়ি নেই- সবাই মিলে খাওয়াদাওয়া, বেড়ানো- তবে তোকে সত্যিই খুব মিস করেছি রে! দেখছিস না, এইমাত্র এলাম, ভাতও খাইনি ফোন নিয়ে বসলাম- আম্মু চোখ গোল গোল করে তাকিয়ে আছে- হি হি হি …”
“তাহলে যা, তাড়াতাড়ি ভাত খেয়ে আয়- তারপর আমি ফোন করব্‌, কথা আছে”।
“তাহলে তো যাওয়াই যাবেনা, কথা না শুনে ভাত খেতে গেলে আমার পেটের গন্ডগোল হয়ে যাবে! - তাড়াতাড়ি বলা শুরু কর”।
“কি মুশকিল! আচ্ছা শোন তাহলে, আমার বিয়ে ঠিক হয়েছে …”
“মিনাআআআ”, খুশীতে লাফ দিয়ে উঠে দাঁড়ালো রাহি, “তুই এতক্ষণ কি করে এই কথাটা চেপে রাখলি? কবে কি হোল? ছেলে কেমন? আংকেল আন্টি খুশী?”
“আগে বলতে দে রে বাবা! গত সপ্তাহে ওরা আমাকে দেখতে এলো। গতকাল ওরা এসে আংটি পরিয়ে দিয়ে গেল। ছেলে ডাক্তার, সুতরাং বুঝতেই পারছিস আম্মু খুশীতে আটখানা”।
“তুই খুশী?”
“হ্যাঁ, অবশ্যই”।
“ছেলের সাথে কথা বলেছিস?”
“নাহ, আমার বোন বলেছে”।
“ছেলে দেখতে কেমন?”
“জানিনা, আমি দেখিনি। আমার বোন দেখেছে, ও বলেছে ভালোই”।
“আমি বুঝলাম না, বিয়ে কি তোর না তোর বোনের? তুই তো ইসলাম সম্পর্কে আমার চেয়ে ভালো জানিস। যার সাথে সারাজীবন থাকবি তাকে একনজর দেখবি না? একবার কথা বলে বোঝার চেষ্টা করবি না তার সাথে তোর মনের মিল হবে কি’না? ছেলে ডাক্তার, ফেরেস্তা তো না!”
“সত্যি কথা বলি, কথাটা আমারও মনে এসেছে। কিন্তু আব্বু আম্মুকে কি করে বলি …”
“আন্টিকে ফোন দে, আমি বলছি”।
“ধুর, তুই আসায় এখন আমি সাহস পাচ্ছি। তুই ভাত খেতে যা, আমি আম্মুর সাথে কথা বলে তোকে জানাচ্ছি”।

রাহি ভাত বেড়ে নিতে নিতেই মিনার ফোন এলো। আম্মুর একটা ভ্রূ একটু উঁচু হয়ে গেল। কিন্তু তিনি তাঁর মেয়েকে জানেন তাই কিছু বললেন না। ওপাশ থেকে মিনার স্বর শুনে ওর মনের ভেতরকার আন্দোলন বোঝা যাচ্ছে, “আম্মুকে বলার সাথে সাথে আম্মু রাজী হয়ে গেল যেহেতু অলরেডী আংটি পরানো হয়ে গিয়েছে। ঘটক পাশের বাসার আমীন চাচা। ওনার সাথে কথা বলতেই উনি জানালেন ছেলে এখন ওনার বাসায়ই আছে। আমি এখন যাচ্ছি আমার ভবিষতকে নিজ চোখে দেখতে। দুয়া করিস যেন প্রথম দেখাতেই ভালো লাগে। আমি এসেই তোকে ফোন করব”।

ভাতের টেবিলে ফিরে গিয়ে রাহি যেন কল্পনার রাজ্যে অবগাহন করতে লাগল। ওর বান্ধবীটি হবু স্বামীর সাথে কথা বলে আনন্দে আপ্লুত। ওর শ্বশুরবাড়ী যাবার ব্যাপারে যে ভয়-দ্বিধা-সংকোচ সব এই সাক্ষাতের মাধ্যমে দূর হয়ে গেল। ওর কল্পনায় ছেদ ঘটিয়ে মিনার ফোন এলো। এবার আম্মু টেবিল থেকে উঠেই চলে গেলেন। বেচারী! রাহির জ্বালায় তাঁর জীবনটা অতিষ্ঠ হয়ে গেল! কিন্তু ওপাশে মিনার অস্বাভাবিক কন্ঠস্বর রাহিকে আপাতত আম্মুর দুশ্চিন্তার কথা ভুলিয়ে দিল।
“কিরে! তুই গেলি কখন, এলি কখন, কথা বললি কখন?”
মিনা হাঁপাচ্ছিল, “তুই চুপচাপ আমার কথা শোন। তারপর বল আমার কি করা উচিত”।
ওর সিরিয়াসনেস রাহিকে সটান অ্যাটেনশন ভঙ্গীতে দাঁড় করিয়ে দিল, “বল”।
“আমি দু’রাকাত নামাজ পড়ে দুয়া করলাম যেন আমার ছেলেকে পছন্দ হয়, তারপর পাশের বাসায় গেলাম। চাচা বাসায় ছিলোনা, চাচী দরজা খুলে দিয়ে হয়ত আমাদের কিছুটা আড়াল দেয়ার জন্য বেড্রুমে চলে গেলেন, বুয়া ডাইনিং টেবিল মুছে রান্নাঘরে চলে গেল। ড্রইংরুমে কেউ নেই। ডাইনিং রুমে দেখি হুজুর বসা। আমি কিছুক্ষণ এদিকিসেদিক তাকিয়ে আর কাউকে দেখলাম না। তারপর চিন্তা করলাম এ’বাসায় তো কোন বাচ্চা নেই। তাহলে ঐ হুজুরই নিশ্চয় আমার হবু বর! তুই তো জানিস আমি দাড়ি পছন্দ করি, কিন্তু এই লোকটার গুটিকয়েক দাঁড়ি, অযত্নে এদিকসেদিক ছড়িয়ে আছে- তার না আছে ছাঁট, না আছে যত্ন! লোকটা একটা পাতলা ফিনফিনে পাঞ্জাবী পরে আছে না জানি কতদিন মার দেয়া বা ইস্ত্রি করা হয়না। কে বলবে সে একজন ডাক্তার? পরে জানলাম সে সবসময় পাজামাপাঞ্জাবীই পরে। পাজামা পাঞ্জাবীর ব্যাপারে আমার কোন আপত্তি নেই, কিন্তু একটা পরিচ্ছন্নতার ব্যাপার আছে না? মনে মনে ভাবলাম, ‘যাই হোক, বিয়ের পর দাঁড়ি ঠিকঠাক করে আড়ং থেকে পাঞ্জাবী পাজামা কিনে লোকটাকে মানুষ করতে হবে’।
“দেখা হবার পর সালাম দিলাম, সে কোন জবাব দিলোনা- যেন সালামটা তার প্রাপ্য, বসে থেকেই বলল, “বস”। আমার তো অতটুকুতেই মাথা খারাপ! প্রথমত, এই লোক মহিলাদের সম্মান করতে জানেনা; দ্বিতীয়ত, এঙ্গেজমেন্ট হতেই সে ধরে নিয়েছে সে একটা অপরিচিত মেয়েকে প্রথম দেখাতেই ‘তুমি’ বলতে পারে! বিয়ে হলে তো এই লোক আমাকে পাত্তাই দেবেনা!
“তুই যদি ভাবিস এতটুকুতেই আমি ভেঙ্গে পড়লাম, তাহলে শোন তারপর কি হোল। আমাকে কিচ্ছু জিজ্ঞেস না করে সে নিজেই গড়গড় করে বলতে শুরু করল, “তোমাকে পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, বাসায় টিভি রাখা যাবেনা সুতরাং তোমাকে টিভি দেখা ছেড়ে দিতে হবে …”। সে দেখতেই পাচ্ছে আমি পর্দা করি, এতে ধরে নেয়া যায় আমি নামাজ পড়ি- আর টিভি দেখার প্রতি আমার তেমন নেশা নেই, অনার্সের ছাত্রীদের এত সময় কোথায়? কিন্তু যে লোকের অ্যাটিচুড প্রথম থেকেই স্বৈরাচারী ধরণের তার সাথে কি করে ঘর করব? সবশেষে সে আমার কিছু জিজ্ঞাসা আছে কি’না বা আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, “এবার তুমি যেতে পারো”। আমি হতভম্ব হয়ে চলে এলাম।
“সত্যি কথা রাহি, আমি যদি বাসর রাতে এই লোককে প্রথম দেখতাম তবে হার্টফেল করে মারা যেতাম! আল্লাহ তোকে রহমত করুন যে তুই আমাকে দেখার পরামর্শ দিয়েছিলি। আমি এখন বুঝলাম নিজে দেখা আর এমনকি আমার কাছের মানুষের দেখাতেও অনেক তফাত। আব্বুর সামনে নিশ্চয় সে খুব ভদ্র ছেলের মত চুপচাপ বসে ছিল, সুতরাং আব্বুর মনে হয়েছে, “বাহ, কত ভালো ছেলে, মুরুব্বীদের কত সম্মান করে!” আম্মুর ডাক্তার দেখে আর কোন কিছু জানার বা চাওয়ার প্রয়োজন নেই। আর আমার বোন যেহেতু ইসলাম সম্পর্কে অতটা সচেতন নয়, ওর হয়ত মনে হয়েছে মিনা যেহেতু পর্দা করে ওর নিশ্চয় অ্যাপিয়ারেন্সের ব্যাপারে কোন মাথাব্যাথা নেই! সবচেয়ে বড় কথা যেসব সে আমাকে বলেছে এসব তো আর কারো সাথে বলার কথা না। তাহলে ওরা বুঝবে কি করে যে এরকম একজন শিক্ষিত মানুষের মধ্যে এমন এক … এক … সত্ত্বা লুকিয়ে আছে?
“রাহি, আমি এই বিয়ে করতে পারবোনা! সারাজীবন আগুনের মধ্যে বসবাস করা কি সম্ভব? কিন্তু আম্মুকে বোঝাবে কে?”
রাহি শেষপর্যন্ত কথা বলল, “মিনা, তুই যদি মনে করিস তুই কোনভাবেই এই লোকের সাথে সংসার করতে পারবি না তাহলে সিদ্ধান্ত নেয়ার এখনই সময়। তুই আন্টির সাথে কথা বল। সংসার যেহেতু তুই করবি, তোর হক সবার আগে”।

তারপর তিনদিন মিনাদের বাসায় ঝড় চলল। মিনার আম্মু কিছুতেই এই বিয়ে ভাংতে দেবেন না। মিনার রাজ্যের বান্ধবীরা এসে ওর আম্মুকে বোঝানোর চেষ্টা করল। ওনার এক কথা, “ছেলে ডাক্তার। তাছাড়া আংটি পরানো হয়ে গিয়েছে। এখন এই বিয়ে হবেই”।

তিনদিন পর মিনা রাহিকে ফোন করে বলল, “এবার তোকে আসতে হবে, আমি জানি আম্মু তোর ছাড়া আর কারো কথা শুনবে না”। রাহি এই জিনিসটাই ভয় পাচ্ছিল। আন্টি রাহিকে এত ভালোবাসেন যে তাঁকে কষ্ট দিতে ওর ইচ্ছে হচ্ছিলোনা। কিন্তু মিনাকে সাহায্য করতে হলে ওকে এই কঠিন কাজটিই করতে হবে।

সেদিন বিকেলে সে মিনাদের বাসায় গেল। ঘরভর্তি মিনার বান্ধবীদের দল, মাঝখানে আন্টি অনড়। রাহিকে দেখে আন্টি সম্বিত ফিরে পাবার মত দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন, “কেমন আছিস মা? এতদিন পর এলি? আয়, আগে ভাত খাবি।“ বলতে বলতে রাহিকে নিয়ে আন্টি ডাইনিং টেবিলে বসিয়ে দিলেন। আন্টিকে কি বলবে এই টেনশনে রাহি তখনো খেতে পারেনি কিন্তু কথাগুলো সে সবার সামনে বলতে চাইছিল না। তাই খাবার ছলে সে কিছু সময় ব্যায় করতে চাইল যেন অন্যান্য সবাই চলে যায়। আন্টি সবসময়কার মত আদর করে ওকে মুরগীর রান তুলে দিয়ে অন্যদের বিদায় করতে চলে গেলেন। সে এতবছরে যা বলতে পারেনি তা আজও বলতে পারলোনা, “আন্টি, আমি রান পছন্দ করিনা, বুকের মাংস পছন্দ করি”।

আন্টি চলে যেতেই মিনা কাছে এল। আস্তে করে বলল, “thank you!” রাহি বলল, “শোন, তাড়াতাড়ি সবাইকে বিদায় কর। আমি আন্টির সাথে একা কথা বলব। তুই তো জানিস আমার বাসায় সান্ধ্য আইন, মাগরিবের আগেই ফিরতে হবে”।

মিনার বান্ধবীরা ব্যর্থমনরথে ফিরে যাবার সময় ডাইনিং টেবিলের কাছে এসে করুণ চেহারা করে রাহির কাছে বিদায় নিয়ে যেতে লাগল। সবাই চলে গেলে আন্টি এসে ওর পাশে বসলেন, “দেখ তো মা মিনা কি শুরু করেছে! ডাক্তার ছেলে, সে বলে কি’না সে বিয়ে করবেনা! বল তো মা আমি ওকে কি করে বোঝাই?”
মিনা কিছু বলতে যাচ্ছিল, রাহি ওকে চোখের ইশারায় থামিয়ে দিল। একটু হেসে বলল, “আন্টি আপনার খুশী দেখে আমার যে কি মজা লাগছে! মনে হচ্ছে আপনারই বিয়ে হচ্ছে!”
আন্টি একগাল হেসে বললেন, “তুই বড় দুষ্টুমী করিস। তবে এই বিয়েতে আমি খুব খুশী এতে কোন সন্দেহ নেই।“
“কিন্তু আন্টি একটা জিনিস ভেবে দেখুন তো- সংসার তো আপনি করবেন না, করবে মিনা। তাহলে আপনার পছন্দের পাশাপাশি ওর পছন্দ হওয়াটাও কি জরুরী নয়? এটা তো সারাজীবনের ব্যাপার আন্টি! ধরুন, ছেলের সবকিছু ভালো, তারপরও মিনা তাকে সহ্য করতে পারেনা। কি হবে বলুন তো? সে অসুখী হবে, ক’দিন পরপর বাপের বাড়ী চলে আসবে, ওর অনিচ্ছা সত্ত্বেও আপনি ওকে আবার ফেরত পাঠাতে বাধ্য হবেন, সে কান্নাকাটি করে আপনাকে দোষারোপ করবে। বলুন তো আন্টি, আপনার মেয়ে যদি সুখী না হয়, আপনি কি সুখী হবেন? ডাক্তার তো বাংলাদেশে অনেক আছে। হয়ত ওর জন্য এমন ডাক্তার আপনি পেয়ে যেতে পারেন যাকে ওর পছন্দ হবে। আর যদি কোন ডাক্তার পাওয়া না’ই যায়, তাহলেও বলুন তো ওর খুশী বড় না জামাই ডাক্তার হওয়া বেশী গুরুত্বপূর্ণ? যে মেয়েকে আপনি এত আদর দিয়ে যত্ন করে বড় করেছেন, তাকে চোখের সামনে অশান্তির আগুনে জ্বলতে দেখে শুধু ডাক্তার জামাই বলে কি আপনি শান্তি পাবেন আন্টি?”
আন্টি কিছুক্ষণ ভাবলেন, একবার মিনার দিকে আরেকবার রাহির দিকে তাকালেন, তারপর অশ্রু সংবরণ করতে না পেরে উঠে বেড্রুমে চলে গেলেন।

পরদিন মিনা আংটি ফেরত দিয়ে দিল।

বিয়ে - ১

বরযাত্রীদের যাত্রাপথের দিকে চেয়ে আছে সায়মা। তাদের এখন আর দেখা যাচ্ছেনা কারণ রাস্তা থেকে ওদের উঠোনের প্রবেশপথের দু’ধারে অনেক বড় বড় গাছ বাড়ীগুলোকে যেমন রাস্তা থেকে আড়াল করে রাখে তেমনি রাস্তাটিকেও বাড়ী থেকে অদৃশ্য করে রাখে। এই উঠোনের চারপাশ ঘিরে ওদের বাপচাচাদের পাঁচভাইয়ের বসবাস ওর দাদার ভিটেয়।পাঁচভাই প্রচন্ড মেজাজী হলেও তাদের মধ্যকার প্রবল ভালোবাসার টান ওদের এই উঠোনটাকে ঘিরে তৈরী করেছে এক স্বর্গীয় সুখের পরিবেশ। মাচাচীদের মধ্যেও কোনদিন এই সদ্ভাবের ব্যাতিক্রম দেখা যায়নি। আগে দাদী এই সুসম্পর্ক বজায় রাখার দায়িত্ব পালন করতেন। তাঁর মৃত্যুর পর থেকে বড়চাচীই যেন পুরো পরিবারটাকে হাতের মুঠোয় একত্রিত করে ধরে রেখেছেন। অথচ উনি ভীষণ হাসিখুশী হাল্কা মেজাজের মানুষ। মায়ের কাছে সায়মা যে প্রশ্রয় পায়না তা সে পায় বড়চাচীর কাছে। বংশের বড় মেয়ে হবার দরুন পরিবারের সবার অনেকখানি আদরস্নেহ মায়ামমতা সে পেয়েছে উত্তরাধিকারসূত্রে। এক্ষেত্রে ওর একমাত্র প্রতিযোগী বড়চাচীর বড়ছেলে রিদওয়ান- ওকে কে যে বলেছে সায়মার আগে জন্মাতে! তবে স্বার্থ বাদ দিয়ে দেখলে বলতে হয় রিদওয়ান যে আদর পায় তা সে নিজগুণেই পায়। সে মোটেই বাপচাচাদের মত বদমেজাজী হয়নি বরং চাচীর মত হাসিখুশী আর দায়িত্বশীল হবার কারণে শুধু মুরুব্বীরাই নয় ওরা ভাইবোনেরাও ওর ওপর নির্ভর করে ভীষণভাবে। সে সবসময় ভাবে ওর বর যেন রিদওয়ানের মতই দায়িত্বশীল ভালোমানুষ হয়। কিন্তু বিয়ের কথা ভাবতে গেলেই ওর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এই বাড়ীর আঙ্গিনা পেরিয়ে বাইরের যে পৃথিবী তাতে এত মায়া আর ভালোবাসা কোথায়? এই পরিচিত অঙ্গনের বাইরে তাকে এত আহ্লাদ আদর দেবে কে? তারপর সে হঠাৎ বাস্তবে ফিরে আসে। হাহ! বাপচাচা যেখানে বলবে সেখানে চোখমুখ বন্ধ করে বসে পড়ব বাবাজী! নিজে পছন্দ করতে গিয়ে কোন কাক বা পেঁচা ধরে নিয়ে আসি! এসব বাজে চিন্তায় মিছে সময় নষ্ট করার সময় নেই। বড়চাচী তাকে বিশ্বাস করে অনেক বড় দায়িত্ব দিয়ে গেছেন। রিদওয়ানের বিয়ে উপলক্ষ্যে বাড়ীর সব পুরুষ আর কিছু মহিলা নোয়াখালি গেল। কিন্তু ওরা ফিরে আসবে আজ সন্ধ্যায় বা রাতেই। বড়চাচী তাঁর মেয়ে নাজিয়াকে রেখে গেছেন সায়মাকে পুরো ঘর, উঠোন সাজিয়ে বধুবরণের ব্যবস্থা করার জন্য- সাথে আরো কিছু পিচ্চিপাচা আর সদ্য মা হওয়া ছোটচাচী। সব করতে করতে সন্ধ্যা হয়েই যাবে। সুতরাং সায়মা আর সময় নষ্ট না করে নাজিয়াকে নিয়ে কাজে লেগে গেল।

হবু ভাবীর জন্য রুম সাজাতে সাজাতে সায়মা নাজিয়াকে বলল, “জানিস, ভাবীকে আমি দেখিওনি কিন্তু ওর জন্য আমার কি যে খারাপ লাগছে!”
নাজিয়া বলল, “কেন আপু? আমার ভাইয়া কি এত খারাপ যে ভাবীকে কষ্ট দেবে?”
সায়মা হেসে ফেলল, “ধ্যাৎ, আমি কি তাই বলেছি নাকি? বন্ধুকে বিয়ে করলে যেকোন মেয়েই সুখী হবে। কিন্তু চিন্তা কর মেয়েটা ওর বাবামা ভাইবোন সবাইকে ফেলে আমাদের বাড়ীতে চলে আসবে অথচ সে আমাদের কাউকে চেনেনা জানেনা …”
ছোটবেলায় সব বাচ্চারা যেমন করে থাকে, সায়মা রিদওয়ানকে নাম ধরে ডাকত, ভাইয়া ডাকতে বললে কিছুতেই রাজী হতনা। তাই দাদু বুদ্ধি করে শিখিয়ে দিয়েছিলেন ওকে ‘বন্ধু’ ডাকতে। এই স্বভাবটা ওর আর গেলনা।
নাজিয়া বলল, “আপু, তুমি খুব ভালো ননদ হবে”।
সায়মা অবাক হয়ে বলল, “কেন রে? কিসে তোর এই ধারণা হোল?”
নাজিয়া মিষ্টি হেসে বলল, “সবাই অন্যের মেয়ের কথা ভাবেনা, কিন্তু তুমি নতুন ভাবীর কাছে আমাদের আশাআকাংখার কথা না ভেবে ওর কষ্টের কথা ভাবছ। তুমি আমাদের সবার কথা ভাব, তাই বললাম”।
“বড় ভাইবোনরা সবসময় ছোটদের কথা ভাবে, ভাবতে হয়- বন্ধু তো আমার চেয়েও বেশী করে তোদের সবার জন্য!”
নাজিয়া মাথা দোলালো তারপর সেজচাচার মেয়ে নাবিলাকে নিয়ে বারান্দা সাজাতে চলল।

পুরো বাড়ী সাজানো শেষ। মাগরিবের নামাজ পড়ে সায়মার মনে হোল হাতপা আর চলেনা। কিন্তু কবে আবার নতুন ভাবী চলে আসে এই টেনশনে সে বিশ্রামও নিতে পারছেনা।
নাজিয়া বলল, “আপু, বরযাত্রীরা কনেসহ ফিরে এলে তুমি আবার কাজে ব্যাস্ত হয়ে পড়বে। এখন বাড়ী ঠান্ডা, তুমি আমার রুমে গিয়ে ঘুমাও। ওরা এলে আমি তোমাকে ডেকে দেব”।
বুদ্ধিটা সায়মার খুব পছন্দ হোল।

ঘুমের মধ্যে হঠাৎ অনেক শব্দ শুনে নাজিয়া ধরমর করে উঠে বসল কিন্তু ওর মাথা থেকে ঘুমটা কিছুতেই যেন তাড়াতে পারছেনা। ঢুলু ঢুলু চোখে দেখে মাচাচীরা সব এই রুমে- ওর দিকে তাকিয়ে আছে। সে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। সবাই চলে এসেছে অথচ নাজিয়া ওকে ডাকেনি, কি রকম দায়িত্বহীন মনে করবে ওকে সবাই! সে উঠে দাঁড়াতে গিয়ে পড়েই যাচ্ছিল, সারাদিনের খাটুনীর পর সম্ভবত যতটুকু ঘুমিয়েছে তা যথেষ্ট হয়নি, শরীর কিছুতেই আড়মোড়া ভাঙ্গতে রাজী নয়। এর মধ্যেই হঠাৎ ওর মা একখানা সোনালী শাড়ী এনে বলল, “ধর, তাড়াতাড়ি এইটা পর”। এ’ কেমন আবদার! নতুন বৌ দেখার জন্য ওর শাড়ী পরতে হবে কেন?

চাচীরা সবাই হুড়মুড় করে বেরিয়ে গেলেন। নাজিয়া রুমে ঢুকল। সে বেশ হাসিহাসি মুখ করে বলল, “দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করছি”। কিন্তু ওকে দেখে সায়মার মেজাজটা ভীষণ খারাপ হোল, “অ্যাই মেয়ে, তুই আমাকে ডাকিসনি কেন? কি মনে করছে সবাই? বড়চাচী আমাকে পুরো ঘরের দায়িত্ব দিয়ে গেল আর এসে দেখে আমি ঘুম!”
“কি করব বল, ওরা গেট দিয়ে ঢোকার আগে যে শোরগোল শুরু করল- হট্টগোলের মধ্যে তোমাকে ডাকার কথা ভুলেই গেছি!”
“কতক্ষণ ঘুমিয়েছিলাম রে? আমার মাথাটাথা ভোঁ ভোঁ করছে। মনে হচ্ছে রোবট হয়ে গেছি”।
“বেশী না, হয়ত বিশমিনিট। জানো আপু, আজ তোমার বিয়ে!”
সায়মার ঘুম ঘুম ভাবটা কেটে গিয়ে বিস্ময় ছেয়ে গেল চেহারায় কারণ নাজিয়ার চেহারায় সে স্পষ্ট দেখতে পাচ্ছে সে ফাজলামী করছেনা। সে জানে এমন ঘটনা ওদের বাড়ীতে ঘটা অসম্ভব নয়। সে জানে কোন কথা বলে লাভ নেই। কিন্তু ওর মাথাটা গরম হয়ে গেল। সব রিদওয়ানের দোষ! নিশ্চয়ই ওর বিয়েতে গিয়ে কাউকে পছন্দ হয়েছে চাচাদের! ঐ ছেলেই বা কেমন যে সাথে সাথে রাজী হয়ে গেল? বিয়ে একসময় করতে হবে। করতে ওর আপত্তি নেই, কিন্তু তাই বলে ঘুম থেকে তুলে বিয়ে! নাজিয়া যেহেতু বাসায় ছিল সেও কোন তথ্য সরবরাহ করে সহযোগিতা করতে পারবেনা। অথচ ছাগলটা কি খুশী! পরিস্থিতি অন্যরকম হলে অবশ্য সেও খুব খুশী হত। একদিনে দু’দুটো ভাইবোনের বিয়ে কি আর সবসময় ঘটে! কিন্তু ওর কষ্ট লাগল নতুন ভাবীটার চেহারা দেখার আগেই তাকে এই প্রিয় পরিবেশ ছেড়ে এমন এক জায়গায় চলে যেতে হবে এমন একজনের হাত ধরে যার নামটা পর্যন্ত সে জানেনা!

কিছু বলার আগেই চাচীরা রুমে ঢকলেন গহনা আর ওড়না নিয়ে। এক এক চাচী এক এক দিকে কাজে লেগে গেলেন। কেউ কানের দুল পরাচ্ছেন, কেউ গলার হার, কেউ বা চুল বাঁধছেন। বড়চাচী বললেন, “মা, তোর বাপচাচাদের তো চিনিস। আমরা কত করে বললাম, আমরা সবাই খুশী এবং রাজী, এতবড় একটা ঝামেলার পর বিয়েটা অন্তত তিনদিন পরে হোক। কে শোনে কার কথা? সেজবৌ, কাজী সাহেব ওপরে চলে এলেন বলে। ওড়না আটকাতে না পারলে আপাতত হাত দিয়ে ধরে রাখো”। সাথে সাথে নাজিয়ার রুমের দরজায় ছোটচাচার গলা শোনা গেল, “কাজী সাহেব এসেছেন, ভেতরে আনব?”

সায়মার মনে হোল সে ঘুমের মধ্যে কোন স্বপ্ন দেখছে। স্বপ্নে যেমন কেবল নড়াচড়া দেখা যায় শব্দ শোনা যায়না, তেমনি সে ইমাম সাহেবকে দেখতে পাচ্ছে, ওনার ঠোঁট দু’টোর নড়াচড়া দেখে বুঝতে পারছে উনি কিছু বলছেন, কিন্তু মাথার ভেতরে শোঁ শোঁ শব্দের জন্য কিছু শুনতে পাচ্ছেনা। কাজী সাহেবের কোন প্রশ্নের কোন জবাব সে দিতে পারলোনা। শেষে মৌনতাই সম্মতির লক্ষণ ধরে নিয়ে বাবা, বড়চাচা, ছোটচাচা আর কাজী সাহেব চলে গেলেন।

চাচীরা সবাই তাকে আরেক রুমে নিয়ে গেল, একটু পরে বর আসবে তাই। হঠাৎ সে বুঝতে পারল এতক্ষণ সে ঘোরের মধ্যে টের পায়নি- সে এখন বিবাহিত! একটু পরে একজন অপরিচিত লোকের সাথে ওর দেখা হবে যার সাথে বাকী জীবন তাকে কাটাতে হবে। লোকটার নাম কি, বাস কোথায়, তার পরিবারে কে কে আছে, লোকটার স্বভাব কেমন, সে দেখতে কেমন- কিছুই সে জানেনা!

খানিক পর রিদওয়ান রুমে এসে ঢুকল। নাজিয়ার ওকে দেখে খেয়াল হোল, “কি রে! এ তো রিদওয়ানের জন্য সাজানো রুম! কিন্তু সায়মাকে এই রুম দেয়া হলে নতুন বৌকে তবে কোথায় দেয়া হোল?” সে রিদওয়ানকে বলল, “বন্ধু, তুমি ভুল রুমে এসেছ। তবে আমি জানিনা ভাবীকে কোন রুমে দেয়া হয়েছে। দেখ তোমার জন্য আমার কি অবস্থা! তোমার বিয়েতে গিয়ে চাচাদের কাকে না কাকে পছন্দ হয়েছে আর আমাকে ঘুম থেকে তুলে বিয়ে দিয়ে দিল!”
রিদওয়ান নির্লিপ্তভাবে বলল, “তাই?”
ওর রি-অ্যাকশনের অভাব দেখে সায়মার মাথায় রাগ চড়ে গেল, “আমি ভাবলাম তুমি আমাকে সহানুভূতি জানাতে এসেছ। তোমার যদি কোন মাথাব্যাথা না থাকে তাহলে বৌয়ের কাছে যাও। আমার বর যেকোন সময় এসে পড়বে, তাকেই বলব এসব কথা”।
রিদওয়ান তখন হেসে বলল, “বরের সাথে কথা বলার জন্য এত উতলা! আগে আমার কথা শোন। আমার বিয়েতে কি হয়েছে তুই তো জানিস না”।
সায়মা ক্ষেপে গিয়ে বলল, “তোমার বৌয়ের সাথে ঝামেলা করতে না পারার জন্যই তো ভাবীর চেহারা পর্যন্ত দেখার আগে আমাকে বিয়ে দিয়ে দিলে। বিয়েতে তো যেতে পারলামই না, সারাদিন খেটেখুটে বিয়ের খাবার পর্যন্ত পেলাম না! শুকনা গল্প বলে এখন কি হবে?”
রিদওয়ান বলল, “তোর শ্বশুরবাড়ীর কারো সাথে দেখাসাক্ষাৎ বা কথা হয়েছে?”
সায়মার এতক্ষণে মনে হোল, “তাই তো, ওদের বাড়ী থেকে কি কোন মহিলা আসেননি?” সে আনমনে বলল, “না বন্ধু, সব তো আমাদের বাড়ীর লোক”। তাহলে কি তারা এই বিয়েতে খুশী নয়? ব্যাপারটা তাকে খুব চিন্তায় ফেলে দিল।
সায়মার নিরবতার সুযোগে রিদওয়ান ওর বিয়ের কাহিনী বলতে শুরু করল, “তুই তো জানিস আমার একটা মেয়েকে পছন্দ ছিল কিন্তু বলতে পারিনি। মেয়েটা খুব ভালো যদিও একটু বদরাগী। ওকে বিয়ে করতে না পারলে শুধু শুধু জানিয়ে মনে কষ্ট দিয়ে লাভ কি? আজ বিয়েতে যেতে যেতে ভাবছিলাম, ‘আল্লাহ, কিছু একটা কর’। কিন্তু অ্যাক্সিডেন্ট, ট্রেন মিস মায় লেট পর্যন্ত হোলনা। বিয়েবাড়ীতে পৌঁছুলে দেখি লোকজনের চোখমুখ বেজাড়। বলল, ওদের মেয়ের জন্য আমি উপযুক্ত পাত্র নই”।
সায়মা তো ভীষণ অবাক! নিজের দুঃখের কথা ভুলে গিয়ে সে বলল, “বন্ধু, তোমার ব্যাপারে এ’কথা ওরা কি করে বলল? এটা বাজে কথা। তোমার চেয়ে ভালো পাত্র হতেই পারেনা! কিন্তু তাহলে ওরা রাজী হয়েছিলেন কেন?”
রিদওয়ান বলল, “আরে বাবা! আগে গল্পটা তো বলে শেষ করতে দে! প্রথমে ভাবলাম, যা বলে বলুক, বিয়ে যেহেতু হচ্ছেনা, আমার একটা চান্স আছে। কিন্তু তুই তো জানিস আমাদের বাপচাচারা কি পরিমাণ বদরাগী। বিয়ের আসরে বাবা চিৎকার করে বলে ফেলল, ‘আমি যদি আজই আমার ছেলের বিয়ে না দিয়েছি তাহলে আমার নাম পরিবর্তন করে ফেলব!’ ব্যাস, আর পায় কে? সাথে সাথে অ্যাবাউট টার্ন। ট্রেনে বসেই পাত্রী সাব্যস্ত!”
সায়মা চোখ গোল গোল করে বলল, “তার মানে এই সময়ের মধ্যে ওরা তোমার আমার দু’জনের জন্যই পাত্র পাত্রী ঠিক করে ফেলেছে? আমি জানতাম সব তোমার দোষ! তোমার জন্যই আমাকে এইভাবে বিয়ে করতে হোল”।
রিদওয়ান মুখ গম্ভীর করে বল, “ঠিক বলেছিস। তোর কথা জানিনা, তবে আমি খুশী। যেভাবেই হোক, আমি আমার পছন্দের মেয়েটিকে পেয়েছি।“
সায়মা বলল, “তাই? অন্তত আমাদের একজন তো খুশী! তা মেয়েটি কে এবার তো বলতে পারো”।
রিদওয়ান বল, “আমার যার সাথে বিয়ে হয়েছে সে!”
“ফাজলামী রাখো তো”, রেগে গেল সায়মা, “ভাবী কোথায়? চল দেখে আসি”।
রিদওয়ান বলল, “কোথাও যেতে হবেনা, সে এখানেই আছে”।
সায়মা অনেকক্ষণ বুঝে পেলনা এ’ কেমন ধাঁধাঁ। তারপর হঠাৎ যেন সব দিনের আলোর মত পরিস্কার হয়ে গেল- কেন তাকে ঘুম থেকে তুলে বিয়ে দিয়ে দেয়া হোল, কেন নিজেদের লোকজন ছাড়া আর কাউকে বিয়েতে দেখেনি, কেন বাড়ীর লোকজন এত হুলস্থুলের মধ্যেও এত খুশী, কেন তাকে এই রুমে থাকতে দেয়া হয়েছে, কেন তাকে আর কোনদিন আপনজনদের সান্নিধ্য ছেড়ে যেতে হবেনা! ওর মুখে এত বেশী অনুভূতি এত দ্রুত বদলাতে লাগল যে সে নিজেই বুঝে পেলনা কোথায় মুখ লুকাবে।
রিদওয়ান বলল, “আরেকটা কথা, তুই তো আবার মানুষের চিন্তায় অস্থির হয়ে যাস তাই বলি- যে মেয়েটাকে আমার জন্য ঠিক করা হয়েছিল তার অন্য জায়গায় পছন্দ ছিল, সে বিয়ে করবেনা বলে বেঁকে বসলে ওর পরিবারের লোকজন জনসমক্ষে আত্মসম্মান রক্ষা করার জন্যই মেয়ের নারাজীর কথা না বলে পাত্র উপযুক্ত নয় বলেছে। সুতরাং, আমার জন্য না হলেও ওর জন্য তুই খুশী হতে পারিস। তবে আমাকে যে তুই পাত্র হিসেবে খুব একটা খারাপ মনে করিস না এটা জানতে পেরে আশ্বস্ত হলাম। অনেক ধকল গেছে রে আজ। তোর সাথে কথা বলার জন্য সারাজীবন পড়ে আছে। এবার বকবক থামা। আমাকে একটু ঘুমোতে দে!”

প্যাকেট না প্রোডাক্ট?

আপনি কি প্যাকেট দেখে জিনিস কেনেন না প্রোডাক্ট দেখে?

মানে? ধরুন, আপনি নারকেল তেল কিনবেন। আপনি কি তেলের গুণগত মান দেখে- অর্থাৎ এই তেলে আপনার মাথা ঠান্ডা এবং চুল লম্বা ও ঝরঝরে হবে কি’না সেটা বিবেচনা করে তেল কিনবেন, নাকি তেলের বোতলটি কতখানি সুন্দর ও আকর্ষণীয় তা দেখে তেল নির্বাচন করবেন? হাস্যকর মনে হচ্ছে? অথচ এই হাস্যকর কাজটিই আমরা করে থাকি অহরহ।

আমাদের যুগের একটি গুরুতর সমস্যা হোল বাহ্যিক সৌন্দর্যপ্রীতি। সুন্দর জিনিস সবার ভালো লাগে, লাগাটাই স্বাভাবিক, এতে দোষের কিছু নেই। এটি সমস্যা হয়ে দাঁড়ায় তখনই যখন কোন বস্তুর মূল্যায়নে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হয়ে দাঁড়ায়, যখন এর তুলনায় আর সকল বিচার বিবেচনা সচেতনতা ব্যাকসিটে স্থান পায়। এই অতিরিক্ত সৌন্দর্যপ্রীতির কারণে আমরা অনেক দাম দিয়ে ভেজাল পটেটো চিপ্স কিনে বাচ্চাদের কচি মুখে তুলে দেই অথচ বাসায় ক’টা তাজা আলু কেটে তেলে ভেজে দেইনা, অনেক দাম দিয়ে লাল টুকটুকে আপেল কিনে আনি যদিও তার ভেতরটা হয় পঁচা পোকায় খাওয়া অথচ এর চেয়ে তিনগুণ পুষ্টিমানসম্পন্ন তাজা পেয়ারা অনাদরে পড়ে থাকে বাজারের ঝাঁকায়। খাঁটি জিনিসের মূল্যায়নের এই যোগ্যতা এবং মানসিকতার বিলোপ এখন আর কেবল বস্তুগত নির্বাচনের ক্ষেত্রেই সীমিত নেই বরং আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর ক্ষেত্রেও আমরা শুধু বাহ্যিক দিক দেখে বিবেচনার ফলে ভুল সিদ্ধান্তে উপনীত হই।

যেমন ধরুন, যখনই কোন ছেলে বা মেয়ের বিয়ের জন্য পাত্র বা পাত্রী দেখা হয়- কোন কিছু জানার আগেই প্রশ্ন আসে, মেয়েটি দেখতে কেমন এবং ছেলে কি করে? একটু ভেবে দেখুন তো, জীবনের বন্ধুর পথে পরস্পরের হাত ধরে চড়াই উৎরাই পেরোবার জন্য এর কোনটি কতটুকু গুরুত্বপূর্ণ? বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক জরীপসমূহের ফলাফলে দেখা যায় বৈবাহিক জীবনে সুখের ক্ষেত্রে সৌন্দর্যের ভূমিকার আয়ু বড়জোর ছ’মাস থেকে একবছর। তারপরে সম্পর্ক টিকে থাকে স্ত্রীর চারিত্রিক বৈশিষ্ট এবং গুণাবলীকে কেন্দ্র করে নতুবা স্বামীর সহনশীলতা এবং মানবিক গুণাবলীকে অবলম্বন করে । আপনারা কি কখনো দেখেননি পরীর মত সুন্দরী বৌটাকে একবছর দু’বছরের মাথায় মুটিয়ে, মেদবহুল চামড়া ঝুলে পড়ে অন্যরকম হয়ে যেতে? অথবা কালো বৌটিকে ফর্সা সুন্দরী হয়ে যেতে? চাকরী, ব্যাবসা, পয়সা? হতেও দেরী নেই, যেতেও দেরী নেই। অনেক বড়লোক মানুষকে মূহূর্তে সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবার ঘটনা নিজ চোখে না দেখলেও শোনেননি বা জানেননা এমন মানুষ কমই আছে। জীবনে চলার জন্য অর্থের প্রয়োজন অনস্বীকার্য, কিন্তু শুধু পয়সা দিয়ে যদি ভালোবাসা কেনা যেত তাহলে পৃথিবীর সব বড়লোকরাই সুখী বিবাহিত জীবন যাপন করতেন- এটি যে বস্তুত ঘটেনা তার ভুরি ভুরি উদাহরণ তো আপনারা সবাই জানেন।

তাহলে ভাবুন আমরা কত ঠুনকো কতগুলো বিবেচনার ওপর আমাদের সুখ, শান্তি, স্বস্তি, সাফল্য, ব্যর্থতা, বাবামা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সন্তানদের সাথে সম্পর্ক প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখি!

আল্লাহ বলেছেন, “And among His Signs is this, that He created for you mates from among yourselves, that you may dwell in tranquillity with them, and He has put love and mercy between your (hearts): verily in that are Signs for those who reflect.” (সূরা রূমঃ আয়াত ২১)। তিনি আমাদের জন্য এমন সঙ্গী সৃষ্টি করেছেন যার মাধ্যমে আমরা শান্তি স্বস্তি ভালোবাসা পেতে পারি যা আমাদের পার্থিব জীবনকে অর্থবহ করবে এবং পারলৌকিক জীবনকে করে তুলবে সম্ভাবনাময়। এখানে পারস্পরিক বোঝাপড়া এবং সহমর্মিতার মাধ্যমে দু’টি হৃদয়ের মাঝে সৃষ্ট বন্ধনের সাহায্যে শান্তি পাবার কথা বলা হয়েছে। তাঁর পক্ষ থেকে কিছু পেতে হলে তাঁর নির্দেশিত পথ অনসরণ করতে হবে তা বলাই বাহুল্য।

ইসলামের একটি মূখ্য নীতি হোল পর্দাঃ “Say to the believing men that they should lower their gaze and guard their modesty: that will make for greater purity for them: And Allah is well acquainted with all that they do. And say to the believing women that they should lower their gaze and guard their modesty; that they should not display their beauty and ornaments except what (must ordinarily) appear thereof; that they should draw their veils over their bosoms and not display their beauty except to their husbands, their fathers, their husband's fathers, their sons, their husbands' sons, their brothers or their brothers' sons, or their sisters' sons, or their women, or the slaves whom their right hands possess, or male servants free of physical needs, or small children who have no sense of the shame of sex; and that they should not strike their feet in order to draw attention to their hidden ornaments. And O you Believers! turn you all together towards Allah, that you may attain Bliss.” (সূরা নূরঃ আয়াত ৩০-৩১)। এখানে আগে পুরুষদের পর্দার কথা বলা হয়েছে, অতঃপর মহিলাদের। ইসলাম চায় যেন একটি মেয়ে কেবল বাহ্যিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে বিবেচিত না হয়ে তার স্বীয় গুণাবলীতে উদ্ভাসিত হবার সুযোগ পায়। স্বাভাবিক অবস্থাতেই যদি একটি মেয়েকে তার গু্ণ দেখে বিচার করার ওপর গুরুত্ব দেয়া হয় তাহলে ভেবে দেখুন এতি বিয়ের ক্ষেত্রে এটি আরো কত বেশী গুরুত্বপূর্ণ! পুরুষদের দৃষ্টি সংযত করার ব্যাপারে যে গুরুত্ব দেয়া হয়েছে তার মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা হোলঃ পুরুষরা রঙ দেখে আকৃষ্ট হয় আর মেয়েরা আকৃতি দেখে। যেসব মেয়েদের গুণ আছে তারা নিজেদের সৌন্দর্য অ্যাডভার্টাইজ করে বেড়ায় না। সুতরাং পুরুষরা দৃষ্টি সংযত না করলে সেসব মেয়েদের দেখেই মুগ্ধ হবার সম্ভাবনা বেশী যাদের বাইরের সৌন্দর্যটাই সার। আর মহিলাদের নিজেদের সৌন্দর্য লুকিয়ে রাখতে বলার মূল উদ্দেশ্য তাদের এই সমস্ত চিন্তা এবং বিবেকবর্জিত পুরুষদের থেকে রক্ষা করা।

আবু হুরাইরা (রা) হতে জানা যায়, রাসূল (সা) বলেছেনঃ "A woman is married for four things, i.e., her wealth, her family status, her beauty and her religion. So you should marry the religious woman (otherwise) you will be a losers. (Volume 007, Book 062, Hadith Number 027). কেননা একটি মেয়ে তখনই তার স্বামীকে সুখী করতে পারে যখন সে তার প্রতি বিশ্বস্ত হয়, তার সম্পদ এবং সন্তানদের রক্ষণাবেক্ষণ করে- বছরের পর বছর এই কাজটি কেবল তখনই করা সম্ভব যখন মানুষ আল্লাহকে ভয় করে। ভালোবাসা ওঠানামা করে- তুচ্ছ বিষয়ে ঝগড়া হলেও পরস্পরকে অসহ্য মনে হয়। কিন্তু আল্লাহর প্রতি আনুগত্যের কারণে ঐ সময়েও একজন মহিলা তাঁর সংসারের ক্ষতির কথা ভাবতে পারেন না। একজন ধার্মিক মহিলা নিজগুণে না হলেও আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামী, শ্বশুরবাড়ীর আত্মীয়স্বজন, স্বামীর যাদের পছন্দ- সবার সাথে সদ্ভাব বজায় রাখার জন্য সচেষ্ট থাকেন। আল্লাহর ভয়েই তিনি কেবল নিজেই যে ভালো থাকেন তাই নয় বরং স্বামীকেও অন্যায় হতে বিরত থাকার পরামর্শ এবং সহযোগিতা দেন। আমার এক ভাই বলেছিল, “আপা, আমি এমন মেয়ে চাই যে কেবল নিজে নামাজ পড়বেনা বরং আমাকে নামাজ পড়ার জন্য তাগাদা দেবে”। আপনারা এমন সুন্দরী বৌ কি দেখেননি যার চাহিদা পূরণ করার জন্য স্বামী ঘুষ খান আর তিনি স্বামীর কাঁধের ওপর পা রেখে বেহেস্তে যাবার স্বপ্ন দেখেন? এমন পুরুষও বিরল নন যারা নিজেরা দাড়িটুপি পরে সুন্দরী স্ত্রীকে প্রদর্শনীর সামগ্রীতে পরিণত করে রাখেন। এটিকে কি ভালোবাসা বা ন্যূনপক্ষে পারিবারিক সম্প্রীতি বলা যায়? সেই সুন্দর দিয়ে কি লাভ যা অন্তর পর্যন্ত বিস্তৃত নয়?

পাত্র নির্বাচনের ব্যাপারে রাসূল (সা) বলেছেনঃ দরিদ্র পাত্র ধনী পাত্র অপেক্ষা উত্তম যদি সে সৎ এবং নামাজী হয়। কেননা যে আল্লাহকে ভয় করবে সে আপনাকে ভালোবেসে না হোক আল্লাহর সন্তুষ্টির জন্য হলেও আপনাকে ঠকাতে পারবেনা। ভেবে দেখুন যদি আপনার স্বামী আপনাকে বাড়ী গাড়ী সম্পদে ভাসিয়ে রেখে অন্যত্র প্রেম করে বেড়ায়, আপনি কি সুখী হবেন? অথচ অনেক দরিদ্র পরিবারেও দেখবেন বাজার থেকে বড় মাছ এনে স্বামী স্ত্রী মিলে যখন গল্প করতে করতে কাটেন সেখানে প্রেমের উৎসব বয়ে যায়। টাকাপয়সা দিয়ে সুখ কেনা যায়না। কারণ চাকরী পরিবর্তন করা যায় কিন্তু চরিত্র পরিবর্তন করা যায়না। একজন ভালো স্বামী আল্লাহর সন্তুষ্টির জন্য স্ত্রীকে সে সকল সুযোগ সুবিধা দেবে যা সে নিজের জন্য পছন্দ করে- শ্বশুরবাড়ীর সাথে, স্ত্রীর বন্ধুবান্ধবের সাথে সদ্ভাব বজায় রাখবে যাতে স্ত্রী খুশী থাকে।সে কখনোই স্ত্রীর সাথে দুর্ব্যাবহার করবেনা যেহেতু সে জানে এর জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

আজকাল দেখা যায় পাত্র পেঁচার মত হলেও পাত্রী চাই ফর্সা, সুন্দরী, লম্বা, স্বাস্থ্যবতী, শিক্ষিতা, নব্যরুচিশীলা, বড়লোকের কন্যা। কোথাও চরিত্রের বা স্বভাবের ব্যাপারটি গুরুত্ব পায়না। অসংখ্যবার দেখেছি রীতিমত চারিত্রিক সমস্যাগ্রস্ত মেয়েদের হটকেকের মত বিকিয়ে যেতে অথচ বুদ্ধিমতি, সচ্চরিত্র, সুন্দর স্বভাবসম্পন্না মেয়েদের বিয়ে হয়না। অনেক শিক্ষিত এবং বুদ্ধিমান ভাইকে জিজ্ঞেস করেছি, “আচ্ছা, আপনারা শুধু চেহারা দেখে এমন মেয়ে কি করে বিয়ে করেন যাদের এতটুকু বুদ্ধি বা ম্যাচুরিটি নেই যে আপনি দু’ছত্র কবিতা বললে সে তা উপলব্ধি করতে পারে?” অনেকে এড়িয়ে গিয়েছেন, আবার অনেকে সততার সাথে উত্তর দিয়েছেন, “এদের সহজে ডমিনেট করা যায় যা বুদ্ধিমতি মেয়েদের করা যায়না”। একটি বিয়ের উদ্দেশ্য কি বন্ধুত্ব হওয়া উচিত না স্বৈরাচার, তা আপনাদের বিবেচনায় ছেড়ে দিলাম। তবে যার সাথে মনের কথা শেয়ার করা যায়না, যে আপনার সুবিধা অসুবিধা বোঝার মত বিবেকবুদ্ধি রাখেনা তার চেহারা দেখে সব কষ্ট ভুলে থাকা যায় কি’না এটা গবেষণা করার মত বিষয়।

একইভাবে অনেক মেয়েকে দেখেছি শুধু ভালো চাকরী করে দেখে এমন পাত্রকে বিয়ে করতে যার সাথে কক্ষনো তার মানসিক কোন বন্ধন সৃষ্টি হবার সম্ভাবনা নেই। এমনই এক মহিলা বলেছিলেন, “জানো, আমি আমার ডাক্তার স্বামীর সাথে পঞ্চাশ বছর সংসার করেছি কিন্তু একটি দিনের জন্যও সুখী হইনি”। এভাবে একমাত্র জীবনটি কাটিয়ে দেয়া কতটা যুক্তিসঙ্গত তা বিবেচনার বিষয় বটে!

যারা বিয়ে করে ফেলেছেন তারা সঙ্গীদের আভ্যন্তরীণ বিকাশে সহযোগিতা করে সুন্দর সম্পর্কের ভিত্তি গড়ে তুলুন আর যারা এখনো বিয়ে করেননি তারা বিয়ে করার সময় শুধু দৃষ্টি দিয়ে নয় অন্তর্দৃষ্টি দিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিন। এই জীবনকে স্বর্গ বা নরকে পরিণত করা সিদ্ধান্ত আপনার হাতে- ভুল করবেন না।

প্রবালদ্বীপে



২০০৩ সালের ঈদুল ফিতর। আগে থেকেই প্ল্যান করেছিলাম টেকনাফ যাব। একবার গিয়ে এত ভালো লেগেছিল যে বারবার যেতে ইচ্ছে হত। তাছাড়া গতবার প্রতিকুল আবহাওয়ার জন্য সেন্ট মার্টিন যাওয়া সম্ভব হয়নি। এবার সম্ভব হলে যাবার পরিকল্পনা ছিল। কিন্তু কার্যত দেখা গেল আমার পাঁচ ননদই কক্সবাজার চলে গেল ঈদের দিন, আর আমি পরের দিন বসে ছাগল রান্না করছি! হাফিজ সাহেবের এক জরুরী শিপমেন্টের কাজ করতে গিয়ে ঈদের ছুটি পর্যন্ত নেয়া হোলনা। হঠাৎ দুপুরবেলা বারোটায় উনি ফোন করে বললেন, “মনে হয় বিকেল নাগাদ কাজ হয়ে যাবে, তুমি ব্যাগ গুছাও- আমি আম্মাকে জানাচ্ছি”। ঈদের পরদিন, বাসট্রাক কিছুই চলছেনা। বুঝে নিলাম ভেসপায় যাওয়া হবে যেমন গিয়েছিলাম বরিশাল-কুয়াকাটা ২০০২ সালে। বাক্সে যথাসম্ভব অল্প জিনিস নিলাম যেন বাক্স ভারী না হয়।

দুপুর দু’টায় আমরা রওয়ানা দিলাম আম্মার প্রচন্ড আপত্তি আর আব্বার সানন্দ সম্মতি নিয়ে। আমাদের ভেসপাটা বরিশাল যাওয়া উপলক্ষ্যে মডিফাই করা হয়েছিল। যেহেতু রাদিয়া অধিকাংশ আমার কোলে বসবে বা আমাদের দু’জনের মাঝখানে, সিট বর্ধিত করা হয়েছিল প্রায় আট ইঞ্চি এবং সিটের পেছনে প্রায় আঠারো ইঞ্চি ব্যাকরেস্ট দিয়ে বসাটা আরামদায়ক করা হয়েছিল। ভেসপার পেছনে একটা স্টান্ডের মত লাগানো হয়েছিল যার ওপর স্যুটকেস দাঁড় করিয়ে নেয়া যায় এবং সামনে একটা স্টিলের ঝুড়ি লাগানো হয়েছিল যেটাতে টুকটাক জিনিসপত্র খাবারদাবার রাখা যায়। সব মিলিয়ে বলা চলে গরীবের গাড়ী, আমার ছাত্রীরা বলত হেলিকপ্টার।

হাফিজ সাহবে কাজপাগল মানুষ। সুতরাং প্রথমে গেলেন শিপমেন্ট ঠিকভাবে সম্পন্ন হোল কি’না আরেকবার নিশ্চিত করতে। যখন রাদিয়া আর আমি ভাবছি আজ আদৌ কোথাও যাওয়া হবে কি’না এ’সময় এসে বললেন কাজ হয়ে গিয়েছে- তখন বাজে চারটা। বিসমিল্লাহ বলে রওয়ানা দিয়ে একে একে কর্ণফুলী ব্রিজ, আমাদের আদিবাড়ী পটিয়া, আমার খালার বাড়ী চন্দনাইশ- ওখানে নেমে আসর নামাজ পড়ে আবার নানার বাড়ী সাতকানিয়া পেরিয়ে কক্সবাজারের কাছাকাছি ওনার এক বন্ধুর শ্বশুরবাড়ী দাঁড়ালেন মাগরিব নামাজের জন্য। তারপর সোজা একটানে কক্সবাজার। পথে যেতে যেতে চিন্তা করলাম বড় আপার (হাফিজ সাহেবের বড়বোন, ওনার কথার বাইরে কেউ চললে খবর আছে) শ্বশুরবাড়ী ছাড়া আর কোথাও থাকলে লঙ্কাকান্ড হয়ে যাবে অথচ ঐ বাসায় অলরেডি বড় আপা ছাড়াও আমার চার ননদ তাদের স্বামীসন্তানসহ অবস্থান করছে। এ’সময় ওদের ওপর আরো চাপ সৃষ্টি করা কি ঠিক হবে? যা থেকে কপালে বলে আমরা গিয়ে উঠলাম ওনার এক বন্ধুর হোটেলে। দুলাভাই খবর পেয়েই প্রচন্ড ক্ষেপে উঠলেন রাতেই এসে আমাদের নিয়ে যাবেন। কিন্তু ওনাদের বাসায় যে হুলস্থুল আতিথেয়তা করা হয় তাতে একবার গেলে আর তিনদিনেও বের হওয়া যাবেনা। তাই রাদিয়া ঘুমিয়ে গিয়েছে, কাল সকালে নাহয় যাওয়া যাবে ইত্যাদি বলে ওনাকে ঠেক দেয়া গেল।

ফজরের নামাজ পড়েমাত্র হাফিজ সাহেব বললেন, “শোন, দুলাভাই ফোন করার আগেই আমাদের কেটে পড়তে হবে, নইলে এবারে আর টেকনাফের চেহারা দেখতে হবেনা!” যেমন কথা তেমন কাজ। ছ’টা বাজতেই আমরা বেরিয়ে পড়লাম টেকনাফের উদ্দেশ্যে। রাতে মুষলধারে বৃষ্টি হয়েছিল, সকালেও কখনো কখনো টিপটিপ বৃষ্টি হচ্ছিল। কিন্তু আমরা বৃষ্টিতে ভিজে রেগুলার কাজে আসা যাওয়া করতাম, প্রচন্ড বৃষ্টি ছাড়া রেনকোট ব্যবহার করা হতনা- তাই অসুবিধা হচ্ছিলোনা। বৃষ্টি বেশী বেড়ে গেলে একজায়গায় দশমিনিট দাঁড়ালাম। আমার ননদ আইরিন সেন্ট মার্টিন যাবার কথা ছিল, ওকে ফোন করলাম। জানা গেল বড় আপার শ্বশরবাড়ীতে এমনভাবে আটকিয়েছে যে এবার আর যেতে পারার সম্ভাবনা দেখা যাচ্ছেনা। শোকর করলাম যে আমরা দুলাভাইয়ের কথায় যাইনি। তার পাঁচমিনিট পর দুলাভাইয়ের ফোন, “তোমরা কোথায়? তোমাদের রুমে তো তালা মারা?” আমরা কোথায় শুনে তো বেচারা থ!

আমরা যখন রিসর্টে পৌঁছলাম যেখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ইয়ট ছাড়ে, দেখি ইয়টে ওঠার কোন সম্ভাবনা নেই। এতদূর এসে এত সহজে হাল ছেড়ে দিতে মন চাইলোনা। টান দিয়ে চলে গেলাম ফিশিং ঘাটে। ওখানে থেকেও সব নৌকা তখন বের হয়ে গিয়েছে। ওখানে একজন পরামর্শ দিলেন যেখান থেকে স্থানীয় লোকজনের যাতায়াতের জন্য যাত্রীবাহী ট্রলার ছাড়ে ওখানে চলে যেতে। দ্রুত ঐখানে পৌঁছে দেখি একটা ট্রলার তখনই ছেড়ে যাবার প্রস্তুতি নিচ্ছে। হাফিজ সাহবে টিকেট নিয়ে বাক্স আর রাদিয়াকে তুলে দিলেন ট্রলারে- এখন তো আর আমাদের না নিয়ে ট্রলার ছাড়তে পারবেনা! কিন্তু মটরসাইকেল রাখা হবে কোথায়? ঘাটের লোকজন বলল এখানে এক হাজী সাহবে আছেন, সবাই ওনাকে খুব বিশ্বাস করে, ওনার বাসায় রাখা যায়, বাসা ঘাটের পাশেই। কিন্তু তখন বাইক রেখে আসার সময় নেই। কি করা যায়? হাজী সাহেব তখন ঐ পথ দিয়ে যাচ্ছিলেন। সব শুনে উনি বললেন উনি লোকমারফত বাইক বাসায় নিয়ে যেতে পারবেন। হাফিজ সাহবে হাজী সাহেবের হাতে বাইকের চাবি দিয়ে চলে এলেন।

ট্রলার চলছিল খুব দ্রুত গতিতে আর ট্রলার ঘাট ছিল ইয়টের ঘাটের অনেক পরে মানে নাফ নদীর মোহনার কাছাকাছি। কিছুদুর যাবার পর পেছনে ইয়ট দেখতে পেলাম। তখন ভাবলাম ইয়ট না পেয়ে ভালোই হোল- দূর থেকেই দেখা যাচ্ছিল ওখানে গাদাগাদি অবস্থা, বেচারার যেন চলতেই কষ্ট হচ্ছে! এমনসময় শুনি ইয়টের থেকে আওয়াজ ভেসে আসছে, “হাআআআফিজ ভাআআআই …” আমরা তো অবাক! দেখি তিনজন মানুষ হুলস্থুল বেগে হাত নাড়ছে আর চিৎকার করছে। আরে! এ যে দেখি রুবেল, ইসমাইল আর আহসান ভাই! “সেন্ট মার্টিনে নেমে দেখা হবে”, বলতে বলতে আমাদের ট্রলার এগিয়ে গেল। এবার শান্তিমত প্রাকৃতিক দৃশ্যাবলী দেখার সুযোগ পেলাম। প্রথমবার যখন টেকনাফ আসি, পাহাড়ের ওপর এঁকেবেঁকে চলা পথ থেকে মোড় ঘুরতেই হঠাৎ সামনে উন্মোচিত হয় এক তীরের মত সোজা সবুজাভ স্বচ্ছ পানিযুক্ত নদী, এতে দুপাশে পাহাড় আর আকাশে মেঘের ছায়া- তখনই আমি নাফের প্রেমে পড়ে যাই! এই প্রেম আজও অক্ষত আছে। এর একপাশে টেকনাফের পাহাড় আরেকপাশে রেঙ্গুনের পাহাড়ের ছায়া পড়ে। রেঙ্গুনের দিকে তাকিয়ে ভাবছিলাম একসময় এই উপমাহাদেশের কত লোক ভাগ্যান্বেষণে রেঙ্গুন যেত! কত কাহিনীতেই এর উল্লেখ রয়েছে। আমার নানা নিজেও ওখানে ব্যবসা করেছে। পরে স্থানীয় মানুষের অসহিষ্ণুতার কারণে মুসলিমরা বিতাড়িত হয়, তার পরপরই রেঙ্গুনের ব্যবসাও বসে পড়ে। বড় আপার শ্বশুর ওখানকার স্থানীয় হওয়া সত্ত্বেও বিতাড়িত হয়ে বাংলাদেশে আসেন এবং সংসার পেতে এদেশী হয়ে যান।

আকাশপাতাল ভাবতে ভাবতে দূরে দ্বীপ দেখতে পেয়ে থমকে গেলাম। বাঁপাশে রেংগুনের পাহাড়ের শেষাংশ যেন প্রহরীর মত দাঁড়িয়ে। এখানে পানি স্বচ্ছ নীল। তার মধ্যখানে বসে আছে সবুজ একটা দ্বীপ! অনন্ত নীল সমুদ্রের মাঝে সবুজ প্রাণের ছোঁয়া! বেশীক্ষণ উপভোগ করার সুযোগ পেলাম না। দ্বীপের কাছাকাছি যেতেই ট্রলার ভীষণভাবে দুলতে শুরু করল। হাফিজ সাহবে একদল লোকের সাথে গল্প করছিলেন এই আড়াই ঘন্টা জুড়েই। এবার ওনাকে ব্যাঘাত ঘটাতে হোল। উনি এসে রাদিয়াকে কোলে নিতেই সে বুদ্ধিমতি মেয়ের মত ঘুমিয়ে পড়ল। দুলতে দুলতে ট্রলার গিয়ে তীরে ঠেকতে সে আবার নিরাপদ বুঝে জেগে উঠলো। ট্রলার থেকে নেমে অন্য ট্রলারের ওপর দিয়ে পার হয়ে গিয়ে সাঁকো পেরোতে হত। সাঁকো ছিল বাঁশের তৈরী। যেখানে পা দেব সেখানে ফাঁকাফাঁকা আর পাশে কোন রেলিং নেই যা ধরে সামাল দেয়া যায়। হাফিজ সাহবের হাতে মেয়ে আর বাক্স। বরিশালের মানুষ বলে উনি এভাবে ট্রলার ডিঙ্গিয়ে সাঁকো পেরোতে অভ্যস্ত। কিন্তু আমি আটকে গেলাম। মাঝি হাত ধরে সাহায্য করতে চাইলো, কিন্তু আমি ছেলেদের হাত ধরিনা। শেষমেশ সাহস করে সার্কাসের ব্যালান্সিং অ্যাক্টের মত করে ঐ বাঁশের ব্রীজ পার হয়ে মাটিতে পা দিতেই যেন প্রাণ ফিরে পেলাম।

আমাদের ট্রলারে যাদের সাথে হাফিজ সাহেব গল্প করছিলেন তাদের একজন ঢাকাস্থ আর্কিটেক্ট। বেচারা একবার বৌ নিয়ে সেন্ট মার্টিন বেড়াতে এসে শেষে জমিতে ঘুমাতে বাধ্য হয়েছিলেন যেহেতু সিজন এলে এখানকার স্কুল থেকে শুরু করে বাসা বাড়ী পর্যন্ত পর্যটকদের বাসস্থানে পরিণত করেও সংকুলান করা সম্ভব হয়না। পরে উনি দ্বীপের একপ্রান্তে জমি কিনে কতগুলো বাংলোবাড়ী করে ভাড়া দেয়ার ব্যবস্থা করেন- নাম দেন “সীমানা পেরিয়ে”। শিক্ষিত মানুষ, তাই প্রবাল দ্বীপের যাতে ক্ষতি না হয় সেভাবেই বাংলো তৈরী করেছেন। পক্ষান্তরে এখানে চারতলা পাঁচতলা হোটেল দেখে মনে হচ্ছিল এগুলোর মালিকরা পয়সার জন্য নিজেদের ঘিলু খুইয়ে বসেছেন। হাফিজ সাহবে ভদ্রলোকের সাথে যাবার ব্যবস্থা করতে করতে আমি রাদিয়াকে নিয়ে বালি পেরিয়ে সেন্ট মার্টিনের একমাত্র পাকা রাস্তার দিকে রওয়ানা দিলাম। দূরে দেখতে পাচ্ছিলাম আরেক ট্রলার থেকে লোক নামছে। হঠাৎ শুনি কে যেন চিৎকার করছে, “রেহনুমা ম্যাডাআআআম”। কাউকে না দেখে ভাবলাম আমি হয়ত ভুল শুনেছি। আবার শুনি সেই চিৎকার। এবার আর সন্দেহের অবকাশ নেই। বহুদূর থেকে দেখি কেউ একজন ছুটে আসছে- জসীম স্যার না? তাই তো আমাদের স্কুলের ইংরেজীর শিক্ষক জসীম স্যার! কাছে এসেই বললেন, “আপা, নৌকা থেকে নামতেই আপনাকে দেখে ছুটে এলাম। আমরা ছয়জন এসেছি প্রেসিডেন্সি থেকে”। আমি খুব উৎফুল্ল হয়ে বললাম, “তাহলে তো খুব মজা হবে, পথে আরো তিনজনকে আসতে দেখেছি”। পরে একটু সন্দেহ হোল, “আপনারা তো জানতেন না আমরা এখানে আসছি, তাহলে এই অপরিচিত জায়গায় এতদূর থেকে আপনি কি করে নিশ্চিত হলেন এটা আমি?” উনি বললেন, “আপা, আপনি যখন হাঁটেন আপনার ডানহাতটা বাঁহাতের তুলনায় অনেক বেশী দোলে, আর পাশে রাদিয়ামনি। তাই নিশ্চিত হলাম যে এটা অবশ্যই রেহনুমা আপা”। এমন অদ্ভুত বিশ্লেষণ শুনে আমি থ হয়ে গেলাম! ওদের হোটেল রিজার্ভ করা ছিল। ঠিকানা দিয়ে ওরা চলে গেল। আমরা ভ্যানগাড়ীতে চড়ে দ্বীপের একমাথা থেকে আরেক মাথায় রওয়ানা দিলাম।

দ্বীপের মধ্যভাগেই মূলত লোকবসতি দেখে বোঝা গেল দ্বীপের তীরবর্তী অঞ্চল প্রায়ই ভাঙ্গনের মুখে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সাথে কথা বলে ধারণার সত্যতা খুঁজে পেলাম। ছোট্ট দ্বীপটা গাছগাছালীতে, বিশেষ করে নারকেল গাছে পরিপূর্ণ। একজায়গায় পুকুর কাটা হচ্ছিল, দেখি ওপরে কয়েক ইঞ্চি মাটির প্রলেপ ছাড়া নীচে পুরোটাই সাদা সাদা প্রবাল। এই নাজুক প্রাকৃতিক কাঠামোর তোয়াক্কা না করে শুধুমাত্র পয়সার পেছনে ছুটে যেসব আহাম্মকরা এখানে বিশাল হোটেল বিল্ডিং বানায় তাদের সাহস আর দায়িত্বহীনতার কথা চিন্তা করে আবারো শিউরে উঠলাম। সামান্য কয়েকটা অফিস বিল্ডিং আর স্কুল দেখলাম। কিন্তু অনেকগুলো মসজিদ, পরে জেনেছি তখন এগারোটা মসজিদ ছিল এইটুকু ছোট্ট একটা দ্বীপে। সবচেয়ে মজার ব্যাপার হোল লবনাক্ত সমদ্রের মাঝখানে হলেও এই দ্বীপের পানি সন্দর মিষ্টি আর ডাব ততোধিক মিষ্ট! আমি যেহেতু ডাব খুব পছন্দ করি, সেন্ট মার্টিন ছিল আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা।

পথের শেষে ধানক্ষেত পেরিয়ে “সীমানা পেরিয়ে” রিসর্ট। ভদ্রলোকের নামকরণের স্বার্থকতা খুঁজে পেলাম। কয়েকটা ছোটছোট বাংলো। পানি আর বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। মাধ্যখানে খাবার জায়গা। যখন যা পাওয়া যায় সেটাই মেনু। একটা ছোট্ট পুকুর কাটা হচ্ছে পানির সরবরাহের জন্য। মালিক ভদ্রলোক দেখি তক্ষুণি কাজে লেগে গেলেন। আমরা যাবার আগেই বাংলোর সবগুলো রুম দখল হয়ে গিয়েছে। তাঁর নিজেরই থাকার জায়গা নেই। কিন্তু একরুমে দু’জন ব্যাচেলর ভদ্রলোককে দেখে তিনি তাঁদের অনুরোধ করলেন আমাদের জন্য রুম ছেড়ে দিতে। মহিলা আর শিশু দেখে ভদ্রলোকেরা বদান্যতার পরিচয় দিয়ে রুম ছেড়ে দিলেন। মালিক নিজে তাঁদের সাথে তাঁবু টাঙ্গিয়ে থাকার ব্যবস্থা করলেন। রিসর্টের একপাশ থেকে একটা অতিকায় হোটেল দেখা যাচ্ছে, আমাদের প্রেসিডেন্সির ছয় শিক্ষক ওখানেই উঠেছেন। দুপুরে আলুভর্তা দিয়ে খেয়ে মনে হোল যেন অমৃত! খাওয়ার মাঝখানেই দেখি ইয়টের তিন যাত্রী ভবঘুরের মত এসে উপস্থিত। তাঁরা কোথাও থাকার জায়গা পাননি। বাংলোর মালিকের সাথে কথা বললে তিনি বললেন, “নো প্রব্লেম, আরেকটা তাঁবু টাঙ্গিয়ে ব্যবস্থা করে দিচ্ছি”। চমৎকার!

বিকেলে জসীম, রাশেদ, সাইফুদ্দিন স্যার, মোর্শেদ স্যারসহ আরো দু’জন এসে উপস্থিত হোল, “চলেন, সবাই মিলে ছেঁড়াদ্বীপ যাই!” ছেঁড়াদ্বীপ হোল সেন্ট মার্টিনের পাশে গজাতে থাকা আরেকটা প্রবাল দ্বীপ। ভাটার সময় সেন্ট মার্টিন থেকে হেঁটেই ছেঁড়াদ্বীপে যাওয়া যায়। কিন্তু জোয়ারের সময় দ্বীপের মধ্যভাগ ছাড়া আর সবকিছু ডুবে যায়। যেহেতু ঐ একটি দিনই সম্বল আর দেরী না করে রুবেল, ইসমাইল আর আহসান ভাইকে ডেকে নিয়ে আমরা সবাই মিলে ট্রলার ভাড়া করতে গেলাম। রাশেদ আর আহসান ভাই তো একজন আরেকজনকে দেখে হতবাক! দুই ভাইই সেন্ট মার্টিনে বেড়াতে এসেছে অথচ কেউই জানেনা ভাই এখানে!

ট্রলার পাওয়া গেল সহজেই। কিন্তু আমরা ট্রলারে উঠতেই ট্রলার একদিকে কাত হয়ে কেউ মাটিতে, কেউ পানিতে পড়ে গেলাম। এবার মাঝি আমাদের এমনভাবে ভাগ করে বসালো যেন ওজন ব্যালেন্স হয়। তারপর ট্রলার ছেড়ে দিল সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। ইসমাইল হাত দিয়ে পানি তুলে রাদিয়াকে ছুঁড়ে দিতেই সে কটমট করে তাকিয়ে রইলো। সাইফুদ্দিন স্যার ইঞ্জিনের সামনে বসে ধোঁয়া গিলতে লাগলেন কিন্তু যদি গভীর সমুদ্রে ট্রলার উলটে যায় সেই ভয়ে কিছুতেই জায়গা পরিবর্তন করতে রাজী হলেন না। আমি হালের ওপর বসে সবার মজা করা দেখে মজা পেলাম। সাইফুদ্দিন স্যার আমার বাড়ীর লোক বলে আমাকে দিদি ডাকতেন। ওনাকে বললাম, “দাদা, আপনার প্রিয় গানটা গান, এর চেয়ে পার্ফেক্ট সেটিং আর পাবেন না”। বেচারা “ওরে নীল দরিয়া” গানটা খুব ভালোবাসেন, সুযোগ পেলেই গান কিন্তু ধোঁয়া গিলতে গিলতে এমনিতেই অবস্থা কাহিল, তাতে এই রসিকতা ওনার পছন্দ হোলনা। কিন্তু বেচারা এত ভদ্র যে কিছুই বললেন না।

প্রায় একঘন্টা পর অনেকটা ঘুরপথে আমরা ছেঁড়াদ্বীপ এসে পৌঁছলাম। মাঝি হয়ত আমাদের সমুদ্র দেখাতে চাইছিল। কিন্ত আসলে সমুদ্র তীরের নিরাপদ অবস্থান থেকে সাগরকে যেমন সুন্দর দেখায়, অবারিত নীল জলরাশি ছাড়া যখন আর কিছু দেখা যায়না তখন তাকে কেন যেন আর আপন মনে হয়না। ছেঁড়াদ্বীপের তীরে অনেক নিমিজ্জিত প্রবাল। তাই ট্রলার কাছে নেয়া সম্ভব হোলনা। কিন্তু নেমে দেখি কেবল গোড়ালী পর্যন্ত পানি তাই কোন সমস্যা হোলনা। পানি এত স্বচ্ছ যে প্রতিটা বালি, প্রবালের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকা প্রতিটা প্রাণীকে স্পষ্ট দেখা যাচ্ছে। দ্বীপে উঠে দেখি অসংখ্য ঝিনুকচূর্ণ। ঢেউয়ের তোড়ে ঝিনুক আছড়ে পড়ে প্রবালের বুকে, বারবার ঢেউয়ের আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে এই দ্বীপের কলেবর বৃদ্ধিতে এর অংশ হয়ে যায় একসময়। যেহেতু দ্বীপটিতে আঁকড়ে ধরার মত মাটি সৃষ্টি হয়নি তখনো কেবল স্থানীয়ভাষায় কেয়া নামে একধরণের কষ্টসহিষ্ণু গাছের বন আছে এখানে কোন কোন জায়গায়, এছাড়া আর কোন প্রাণের অস্তিত্ব চোখে পড়েনা। একজায়গায় এক বৃদ্ধ আর তার নাতি বসে কতগুলো অদ্ভুত মাছ দেখাচ্ছিল পর্যটকদের। তাঁর সাথে কিছুক্ষণ কথা বললাম সকলে। তাঁরাও এ’ দ্বীপে থাকেন না। সন্ধ্যা হলে চলে যান। রাতে নাকি এখানে পরীদের মেলা বসে, তারা সারারাত এখানে নাচে গায়, তাই কেউ ভয়ে রাতে এখানে আসেনা! ছোট ছেলেটি খুব আগ্রহ করে আমাদের একটি পাথর দেখাল, এর নাম নাকি মৌসুমী পাথর। পাথরটির কোন বিশেষত্ব দেখতে না পেয়ে জিজ্ঞেস করলাম, “এর নাম মৌসুমী পাথর কেন?” সে খুব উত্তেজিত হয়ে জানাল, “নায়িকে মৌসুমী এতে বসে শ্যুটিং করেছিল, তাই”। বেচারার জন্য এটা জীবনের অন্যতম স্মরনীয় ঘটনা। আমাদের দলের কয়েকজন দুষ্টুমী করে বলল, “এই পাথর ছুঁলে কি বিয়ে হয়? তাহলে একে ছুঁয়ে দেখা যেতে পারে”!

কিছুক্ষণ পর রাদিয়া বলে দিল সে আর হাঁটতে পারবেনা। বেচারীরই বা দোষ কি? দ্বীপের মাটি তখনো এত বেশী অসমান এবং ভঙ্গুর যে পা ফেলতেই খুব কষ্ট হয়, আমার নিজেরই বারবার পায়ের পাতায় ক্র্যাম্প হচ্ছিল। পরে হাফিজ সাহবে এসে রাদিয়াকে ঘাড়ে তুলে নিলেন। কিছুদূর যাবার পর রুবেল বলল, “রাদিয়া, আব্বুর কষ্ট হচ্ছে, তুমি কিছুক্ষণ আমার কাছে আস”। মেয়ে বলে কি, “না, আমি আব্বুর কাছেই থাকব। তোমার নাম কি?” সে বল, “রুবেল”। মেয়ে বলল, “না, ওটা আমার আব্বুর নাম, তোমাকে রুবেল ডাকা যাবেনা”। রুবেল বলল, “তাহলে আমাকে কি ডাকবে?” রাদিয়া বল, “তোমার নাম এখন থেকে লাম মীম”। মেয়ের পাকা পাকা কথা শুনে আমি নিজেই হতবাক!

দ্বীপ ঘুরে এসে নৌকার দিকে যেতে যেতে দেখি সূর্য অস্ত যাচ্ছে। প্রশস্ত নীলিমায় যেখানে আকাশ আর সাগর মিশে গিয়েছে একাত্ম হয়ে তার ঠিক মধ্যখানে বিশাল লাল সূর্যটা ধীরে ধীরে অবগাহন করছে, স্তিমিত হয়ে আসছে তার লালিমা। আমি সম্মোহিতের মত তাকিয়ে রইলাম। অনেকক্ষণ পরে সূর্যটা পুরোপুরি ডুবে গেলে মনে পড়ল আমি এতক্ষণ ভারী ক্যামেরাটা নিয়ে সম্পূর্ণ দ্বীপ প্রদক্ষিণ করে এলাম শুধু সূর্যাস্তের ছবি তোলার জন্য অথচ সেই ছবি কেবল হা করে গিলেই গেলাম, ক্যামেরাবন্দী করা হোলনা!

যেখানে নেমেছিলাম সেখানে পৌঁছে দেখি নৌকার নামনিশানা নেই। পরে দেখা গেল নৌকা অনেক দূরে। মাঝিকে অনেক ডেকেও কোন সাড়া পাওয়া গেলনা। শেষে হাফিজ সাহবে বললেন, “সন্ধ্যা হয়ে গেল, আমি সাঁতরে গিয়ে নৌকা কাছে টেনে আনা যায় কিনা দেখি”। উনি রাদিয়াকে রাশেদের কাছে আর সাধের লেদার জ্যাকেট আমার কাছে দিয়ে নৌকার দিকে সাঁতার দিলেন। কিছুক্ষণ পর দেখা গেল মাঝি ঘুমিয়ে পড়েছিল, কিন্তু মূল সমস্যা সেটা নয়। আমরা যখন নেমেছি তখন ভাটা ছিল। নৌকা একই জায়গায় আছে কিন্তু এখন জোয়ারের কারণে ট্রলারের কাছাকাছি পানি অনেক গভীর। আমরা সবাই সাঁতার পারিনা তাই সিদ্ধান্ত নেয়া হোল প্রবালের বা ট্রলারের ক্ষতি না করে একে যতটুকু কাছে টেনে আনা যায় তা চেষ্টা করা হবে। হাফিজ সাহবে একা এতবড় ট্রলার টেনে আনতে পারবেনা বলে রাশেদ রাদিয়াকে সাইফুদ্দিন স্যারের কাছে দিয়ে সাঁতরে চলে গেল। রাদিয়া ছোটখাট মানুষটাকে খুব পছন্দ করত, কিন্তু এই পানির মধ্যখানে ও যেন ওনাকে ঠিক ভরসা করতে পারলোনা। আশে পাশে তাকিয়ে দেখল রুবেল সবচেয়ে লম্বা। সে তখন নিজ উদ্যোগেই রুবেলের কোলে চলে গেল!

ওদিকে নৌকা কাছাকাছি আনার পরও দেখা গেল গলা পানি পেরিয়ে নৌকায় উঠতে হচ্ছে। ট্রলার থেকে সিঁড়ি নামিয়ে মাঝি সবাইকে নৌকায় ওঠালো। কিন্তু আমি কিছুতেই সাহস করতে পারছিলাম না। প্রতিবার ঢেউ এলেই পায়ের নীচে বালি সরে যায়, বোরকা যেন পাখার মত মেলে গিয়ে আমাকে নিয়েই ভেসে যেতে চায়! আমি যেহেতু কারো হাত ধরবনা সবাই বলল, “হাফিজ ভাই, আপাকে নিয়ে আসেন”। উনি এসে আমার হাত ধরতেই বান্দরগুলো চেঁচাতে শুরু করল, “আহা, টাইটানিক হচ্ছে, দেখে যাও!” মনে মনে ভাবছিলাম, “ট্রলারে উঠে নেই বাছাধন! তারপর আমি তোমাদের দেখাচ্ছি টাইটানিক!” সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাফিজ সাহবে বললেন, “জ্যাকেটটা দাও, ভেজা টিশার্ট খুলে ফেলি”। আমি ভেজা গেঞ্জী নিয়ে হালের ওপর বসতে বসতে শুনি সবাই হায় হায় করে সিঁড়ির দিকে যেতে গিয়ে ট্রলার উল্টানোর উপক্রম। কি ব্যাপার? হাফিজ সাহবে পিছলা সিঁড়ি দিয়ে লেদার জ্যাকেটসহ পানিতে পড়ে গিয়েছেন! উঠে এলেন সাথে সাথেই কিন্তু বান্দরগুলো উৎফুল্ল হয়ে শুরু করে দিল, “এ’তো দেখি সত্যিকারের টাইটানিক!” আমার চালাক কন্যা বাবাকে ভেজা দেখে রুবেলের কাছেই থাকা সাব্যাস্ত করে চটপট ঘুমিয়ে পড়ল।

এবার মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ায় মাঝি ঘুরপথে না গিয়ে দ্রুত ফিরে গেল। গিয়ে সবাই গোসল করে নামাজ পড়ে নিলাম। রাতে হাফিজ সাহবে ফ্লাইং ফিশ খাবার জন্য বাজারে গেলেন। কিন্তু আমি তখন এত ক্লান্ত যে কোনক্রমে নামাজ পড়ে বাচ্চাকে খাইয়ে শুয়ে পড়লাম। ভোরে দেখি কুক বেচারা একপ্লেট ভাত, একটু ডাল আর দু’টো ডিমের ঝোল নিয়ে এলেন। উনি খেয়াল করেছেন যে আমি রাতে কিছু খাইনি। নাস্তা রেডি হতে দেরী হবে। তাই মা মেয়ের জন্য বাসা থেকেই রান্না করে নিয়ে এসেছেন। মানুষের এই মহত্ব আমাকে ভীষণ স্পর্শ করে। বাকহারা হয়ে গেলাম।

সকালেই প্রেসিডেন্সি গ্রুপ এসে বিদায় নিয়ে গেল। ওরা প্রথম ট্রলারেই টেকনাফ ফিরে যাবে, ওখান থেকে সোজা চট্টগ্রাম। রুবেলরা যাবে দুপুরে, ইয়টে। আমরা সবাই নাস্তা খেয়ে দ্বীপ প্রদক্ষিন করতে বের হলাম। দ্বীপের উত্তরে একটা ভাঙ্গাচোরা টিনের চালার পাশে সাইনবোর্ড দেয়া “হুমায়ুন আহমেদের বাড়ী”। দেখে খুব হাসি পেল। উত্তরে তাকিয়ে দেখতে পেলাম টেকনাফের শেষাংশে জেগে ওঠা বর্ধিষ্ণু চর যেন কিছুদিনের মধ্যেই সেন্ট মার্টন এসে ঠেকবে। পরে পেপারে দেখেছি এক বিজ্ঞানী বিশ্লেষণ করে মত দিয়েছেন এ্মনটিই হতে যাচ্ছে। আর কিছুদূর গিয়ে এক স্কুলশিক্ষকের সাথে দেখা হোল। তিনি আমাদের বুঝিয়ে বললেন কিভাবে এই ছোটছোট কীটগুলো বছরের পর বছর পরিশ্রম করে এক একটা প্রবাল কলোনী গড়ে তোলে, এই প্রবাল কলোনী সাগর ফুঁড়ে উ্ঠে এলে এতে ঝিনুকচূর্ণ, নদীবাহিত পলি জমে এই দ্বীপের সৃষ্টি হতে লেগে যায় হাজার বছর। অথচ এখানে পর্যটকরা এসে পানিতে নেমে, সাবান ব্যাবহার করে, প্রবাল ভেঙ্গে এবং ব্যাবসায়ীরা হোটেল নির্মাণ করে প্রবালের অপূরণীয় ক্ষতি করছে। একসময় এখানে অসংখ্য সামুদ্রিক কচ্ছপ ডিম পাড়তে আসত। এখন তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কারণ পর্যটকরা বিজ্ঞানীদের সাইনবোর্ড উপেক্ষা করে ডিম নষ্ট করে ফেলেন। তিনি আমাদের দেখালেন গতবছর কোথায় ওনার বাড়ী ছিল। তাকিয়ে দেখি ওখানে কেবল নীল জলরাশি। ওখানেই ছিল পর্যটকদের ঘাট। দ্বীপের ঐ অংশ ভেঙ্গে যাওয়ায় এখনকার ঘাটটি তৈরী করা হয়। তাই এর এই করুণ অবস্থা। তাঁকে ধন্যবাদ জানিয়ে হাঁটতে হাঁটতে আমরা বাজারের দিকে এগোলাম। দূর থেকে দেখা গেল ইয়ট আসছে। যাবার সময় হয়ে এলো। আম্মার জন্য কিছু শুটকী কিনে রিসর্টের দিকে রওয়ানা দিলাম। শুটকীওয়ালাদের সাথে কথা বলে জানা গেল একসময় এই এলাকার মালিকানা ছিল স্থানীয় লোকজনের। আজকাল বাইরের লোকজন এসে চড়া দামে তাদের জমি কিনে হোটেল বানাচ্ছে। বোকা এবং অভাবী লোকজন তাৎক্ষণিক লাভের কথা ভেবে জায়গা বিক্রি করে দিচ্ছে। কিন্তু আগন্তুকদের দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য নিয়ে কোন ধারণা বা চিন্তা নেই। তাই হয়ত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ আর থাকবেনা। এটাই দ্বীপবাসীর ধারণা।

মনটা খুব খারাপ হয়ে গেল। রিসর্টে পৌঁছে দ্রুত দুপুরের খাবার খেয়ে সবার কাছে বিদায় নিয়ে ঘাটে চললাম। ঘাটে পৌঁছে রুবেলরা বিদায় নিয়ে চলে গেল। আমরা ট্রলারে উঠলাম। ট্রলার চলতে শুরু করার কিছুক্ষণ পর ঢাকা থেকে আগত কিছু ছেলে গিটারে সুর তুলে গান ধরল। এমন সময় নদীতে মৃদুমন্দ বাতাস ছাড়ল। তাতেই ট্রলার যেভাবে দুলতে শুরু করল ওদের গান বন্ধ হয়ে গেল! আমি ভাবলাম মরলে ঘুমের মধ্যে মরে যাওয়া সুবিধাজনক। রাদিয়াকে হাফিজ সাহেবের কাছে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে জেগে দেখি বাপমেয়ে আচার খাচ্ছে, বার্মিজ আচার। বাতাস বন্ধ হয়েছে কিন্তু গান আর শুরু হয়নি। হঠাৎ নদীতে বিরাট এক মাছ লাফ দিয়ে উঠে আবার পানিতে ঢুকে গেল। বঙ্গোপসাগরে ডলফিন আছে কি? জানা হয়নি আজও।

ট্রলার যখন ঘাটে পৌঁছল তখন সন্ধ্যা হয় হয়। আমরা নেমেই হাজী সাহবের বাড়ী খুঁজে বের করলাম। দেখি ঘাটের সাথে সংলগ্ন আধুনিক ডিজাইনের ঘেরা দেয়া বাড়ী। এই অঞ্চলে এমন বাড়ী এই প্রথম চোখে পড়ল। বোঝাই যায় উনি বেশ অবস্থাপন্ন। গেটের কাছে পৌঁছতেই আমাদের বাইকটা দেখলাম বাড়ীর পাশে রাখা। প্ল্যান ছিল বাইক নিইয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে রওয়ানা দেব, মাগরিব যেখানে হয় পড়ে নেয়া যাবে। কিন্তু হাজী সাহেব কিছুতেই ছাড়লেন না। উনি নাস্তা খাওয়াবেনই খাওয়াবেন। অপরিচিত মানুষের এই আন্তরিকতা গ্রামাঞ্চলে ছাড়া দেখা যায় কি’না জানিনা। আমরা এই সুযোগে আসর নামাজ পড়েনিলাম, নাস্তা খেয়ে মাগরিব। উনি আমাদের ওনার পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দিলেন, বললেন মেজ ছেলে বাইরে আছে, মাগরিব পড়তে পড়তে এসে পড়বে। মাগরিবের পর বেরোবার প্রস্তুতি নিচ্ছি এমন সময় হাজীসাহেবের মেজ ছেলে এসে আমাদের দেখে থমকে দাঁড়িয়ে গেল, “আরে! আপনারা আহমদের আপু আর দুলাভাই না? আহমদ তো আমার ক্লাসমেট!” মনে হোল পৃথিবীটা আসলে অনেক ছোট! চট্টগ্রাম থেকে এতদূরে, টেকনাফের এক অপরিচিত হাজীসাহবের বাসায় বাইক রেখে সেন্ট মার্টিন চলে গেলাম, এসে দেখি উনি পরিচিত! পুণর্বার বিদায় নিয়ে বাজারে গিয়ে মটরসাইকেলে বসেই কিছু কাপড় কিনে রওয়ানা দিতে গিয়ে মনে হোল, দেরী যেহেতু হয়েই গিয়েছে এক জায়গায় ঘুরে যাই।

২০০১ এর শেষদিকে আমরা প্রথম টেকনাফ এসেছিলাম দু’দিনের জন্য। একটা রেস্টহাউজে ছিলাম কিন্তু ওখানে খাবারের ব্যবস্থা ছিলোনা বলে “চিটাগাং রেস্টুরেন্ট” নামে এক জায়গায় দুপুরে আর রাতে খেতে যেতাম। মালিকের চার ছেলে, কোন মেয়ে নেই। কোন এক অজ্ঞাত কারণে উনি রাদিয়াকে আর রাদিয়া ওনাকে খুব পছন্দ করে ফেলল। আমরা খেতে গেলেই উনি অনুরোধ করে রাদিয়াকে নিয়ে যেতেন, আমরা খেতে খেতে ওকে পাশে বসিয়ে নিজ হাতে খাওয়াতেন। কিন্তু ওর জন্য টাকা দিতে গেলে উনি কিছুতেই নিতে রাজী হতেন না। মানুষের ভালোবাসার ঋণ কি শোধ করা যায়? তাই ওখানে গেলাম ওনার সাথে দেখা করে রাদিয়াকে দেখিয়ে নিয়ে আসতে। বসার সময় ছিলোনা। কিন্তু উনি খুশীতে বাকহারা হয়ে গেলেন। এমন ঘটনা তাঁর জীবনে প্রথম। রাদিয়ার জন্য দুয়া করলেন, ওকে এক প্যাকেট জুস দিলেন। তারপর আমরা রওয়ানা হয়ে গেলাম। পাঁচমিনিটের ব্যাপার, কিন্তু বেচারার হাসিটা ছিল প্রাণজুড়ানো।

পথে উঠে বুঝতে পারলাম সমুদ্রের মধ্যখানে আমরা শীতকাল টের পাইনি, কিন্তু অভ্যন্তরভাগে যেতে যেতে খবর হয়ে যাবে। হাফিজ সাহবে একখানা আর রাদিয়াকে আমার দিকে ফিরিয়ে ওকেসহ জড়িয়ে আমি একখানা লেদার জ্যাকেট পরে নিলাম। কিন্তু বাতাসের বেগের কারণে বেশ শীত করতে লাগল। আমাদের দুজনের মাঝখানে থাকায় রাদিয়ার গায়ে বাতাস বা ঠান্ডা লাগছিলোনা এটাই ছিল ভরসা। কিন্তু যতক্ষণে আমরা বড় আপাদের বাড়ী গিয়ে পৌঁছলাম ততক্ষণে আমার হাড়সহ কাঁপতে শুরু করেছে। ঘরে ঢুকতেই বড় আপার শ্বাশুড়ি আমাকে নিয়ে দাউদাউ করে জ্বলতে থাকা দু’টো মাটির চুলার মধ্যখানে মোড়া দিয়ে বসিয়ে গায়ে ছ’খানা শাল চাপিয়ে দিলেন। বড় আপা মুরগী রান্না করতে লাগলেন আর ওনার দুই ননদ চালের রুটি বানাতে বসল। বড় আপাদের বাড়ীতে একমাত্র চাঁটগাঁইয়া সদস্য বলে এই বাড়ীতে আমার আদর আলাদা- যেন দ্বিতীয় বাপের বাড়ী! কিন্তু কোন আদরে কোন কাজ হোলনা। এই কাঁপাকাঁপি আরো দু’দিন অব্যাহত ছিল।

পরদিন আমরা বাজারে গেলাম ওদের জন্য কিছু কিনতে। ফেরার পথে হাফিজ সাহেব বললেন, “চল, সীবীচটা দেখে যাই”। যেতে ইচ্ছে করছিলনা। গিয়ে বুঝলাম না এলেই ভালো হত। সেন্ট মার্টিনের স্বচ্ছ নীল পানি- যার ভেতর দিয়ে সন্ধ্যার আবছায়াতেও গলা পানির নীচে প্রতিটা বালি দেখা যায়- এরপর কক্সবাজারের ঘোলা পানি দেখতে আর কোনদিন ভালো লাগবেনা। ফিরে গিয়ে হাফিজ সাহেব পাড়ার সব বাচ্চাদের বাইকে চরালেন কিছুক্ষণ। আমি বড় আপার ছোট ননদ মিলুকে বায়না করলাম শুটকী ভর্তা খাব। ও বাড়ীর শুটকী ভর্তা স্পেশাল। তারপর দুপুরে খেয়ে খালাম্মা, বড় আপা আর তাঁর ননদদের প্রচন্ড আপত্তির মুখে চট্টগ্রাম ফিরে চললাম জীবিকার তাগিদে।

পথে কিছুক্ষণের জন্য নানাবাড়ীতে বিরতি নিলাম, মাগরিবের নামাজ পড়লাম। চলে যাব শুনে মামীরা মনখারাপ করলেন, কিন্তু কিছুই করার নেই- থাকার উপায় নেই।

ঘরে ফিরে মনে হোল কয়েকটা মূহূর্ত স্বর্গে ছিলাম। তারপর আবার ফিরে এসেছি এই মাটির পৃথিবীতে।

বাচ্চাদের সাথে কথা বলা

বাচ্চারা খুব বুদ্ধিমান হয়। তাই তাদের সাথে বুদ্ধিদীপ্ত এবং যুক্তিগ্রাহ্য কথা না বললে ওরা সহজেই বুঝতে পারে ওদের নির্বোধ ভাবা হচ্ছে। তখন হয় ওরা বিরক্ত হয়ে আগ্রহ হারিয়ে ফেলে নতুবা যে ওদের নির্বোধ ভেবে কথা বল্ল তার প্রতি শ্রদ্ধা। উভয় ক্ষেত্রেই আমরা ওদের যে শিক্ষা দিতে আগ্রহী সে উদ্দেশ্য ব্যর্থ্ হয়। তাই আমাদের উচিত তাদের সাথে এমনভাবে কথা বলা যেন ওরা বুঝতে পারে আমরা তাদের নিজেদের সমকক্ষ ভাবছি এবং তাদের মতামতের মূল্যায়ন করছি। ওদের মোটামোটি মূল ব্যাপারটা সততা এবং আন্তরিকতার সাথে বুঝিয়ে দিলে ওরা আর খুব বেশী জানতে চায়না। বাকীটা ওরা নিজেরাই বুঝে নেয়। কিন্তু আমাদের সমাজে আমরা বাচ্চাদের সাথে সরাসরি কথা না বলে ধামাচাপা দিয়ে বা দায়সারা গোছের কথা বলে বা অনেক ক্ষেত্রে অন্য কথা বলে কথা ঘুরিয়ে দেয়ার চেষ্টা করে পরিস্থিতি জটিল করে তুলি কারণ তখন ওদের আগ্রহ আরো বেড়ে যায় এবং ওরা ভুল জায়গায় তথ্য অনুসন্ধান করতে যায়।

আমরা মূলত বাচ্চাদের সাথে যেসব বিষয়ে কথা বলি তাকে কয়েকটা ক্যাটাগরীতে বিভক্ত করা যায়, যেমন- পারিবারিক সম্পর্ক, পরিচিতজনদের সাথে ব্যবহার, অপরিতচিতজনদের সাথে সাবধানতা, জ্ঞানবিজ্ঞানের কথা, জীবনদর্শন, দায়িত্বসচেতনতা, চাহিদা, নিয়মনীতি এবং শাসন।

প্রথমত বাচ্চাদের কাছে পারিবারিক সম্পর্কগুলো স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন এবং এই কাঠামোতে তাদের অবস্থান তাদের কাছে পরিস্কার করে দেয়া দরকার। যেমন আমার যখন ছোটভাই হোল। একদিন সকালবেলা উঠে শুনি আমার সাড়ে ছয় বছরের রাজত্ব খতম। দাদু বলল, “তুমি তো কালো, দেখতেও সুন্দর না, এখন তোমার ফুটফুটে ফর্সা একটা ভাই হয়েছে, তোমাকে এখন আর আব্বু আম্মু ভালোবাসবে না, আমরা সবাই নতুন বাচ্চাটাকে আদর করব”। বাবামা’র বয়স এবং অভিজ্ঞতার অভাব ছিল। ওরাও ব্যাপারটাকে পাত্তা দিলনা। তদুপরি আমাকে নানীর সাথে আলাদা রুমে পাঠিয়ে দেয়া হোল। অথচ আমিই নামাজ পড়ে দোয়া করেছিলাম যেন আমার একটা ছোটভাই হয়। সেই আমার সাথেই বিশ্বাসঘাতকতা! সম্পূর্ণ ব্যাপারটা আমার শিশুমনে প্রচন্ড আঘাত করল। ব্যাস, আর পায় কে? আহমদ বেচারা নেহাৎ ভদ্র ভালোমানুষটি বলে আমার সমস্ত অত্যাচার বছরের পর বছর মুখ বুজে সহ্য করে গিয়েছে। আজ এত বছর পর ওর সাথে আমার বন্ধুত্ব মোহাম্মদের চেয়েও বেশী যদিও মোহাম্মদ আমার বারো বছরের ছোট হওয়ায় ওর প্রতি অনেকক্ষেত্রে মায়ের দায়িত্ব পালন করা হয়েছে আমার। কিন্তু আহমদের প্রতি আমার এই অত্যাচার একটু সচেতন হলেই এড়ানো যেত।

আমি যখন বুঝতে পারলাম যে রাদিয়ার ঠিক একই ব্যবধানে ভাই বা বোন হতে যাচ্ছে সাথে সাথে আমি ওকে মানসিকভাবে প্রস্তুত করার উদ্যোগ নিলাম। ওকে বললাম, “সাকিবের একটা বোন আছে বলে ও হিসানের সাথে খেলতে পারে, ওরা দু’জন একসাথে গল্প করতে পারে। কিন্তু ওরা যখন চলে যায় তখন তো তোমার আর খেলার বা গল্প করার কেউ থাকেনা। এখন যদি আমাদের বাসায় একটা বেবী আসে তাহলে তুমি ওর সাথে খেলতে পারবে, গল্প করতে পারবে- এটা কেমন হয়?” ও বলল, “লাগবেনা, সাকিব হিসান আসলে ওদের সাথে খেলব আর নাহলে তোমার সাথেই খেলব”।

ক’দিন পর ওকে বললাম, “ধর, আল্লাহ যদি একটা বেবী পাঠিয়ে দেন তাহলে কি করব?” ও জিজ্ঞেস করল, “আল্লাহ যদি দেন তাহলে তো না বলা যাবেনা, না?” আমি বললাম, “না”। ও তখন বলল, “আচ্ছা, ঠিক আছে, ওকে বারান্দার পাশে যে সুপারী গাছটা আছে ওখানে রেখে দিও। তাহলে বারান্দা দিয়ে আমি ওকে খাবার দিতে পারব”। ওকে সিদ্ধান্ত নেবার সুযোগ দিয়ে আমি ওকে নিজের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল হয়ে ওঠার ব্যবস্থা করে দিলাম।

কিছুদিন পর ওকে বললাম, “বৃষ্টি পড়লে তো বেবীটা ভিজে যাবে তখন কি করবে?” রাদিয়া চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল যে বেবীটাকে সুপারী গাছ থেকে ট্রান্সফার করে বারান্দায় রাখলে খুব বেশী সমস্যা নেই। এ’সময় আমার প্রচন্ড শ্বাসকষ্ট দেখা দিল। ও জিজ্ঞেস করলে বুঝিয়ে বললাম, “বেবীটাকে আল্লাহ বলেছেন বড় হওয়া পর্যন্ত কিছুদিন আম্মুর ভিতরে থাকতে। কিন্তু বেবীটা ভীষণ দুষ্ট। শুধু লাফালাফি করে আর আম্মু নিশ্বাস নিতে পারিনা”। সে সাথে সাথে বড়বোনের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেল, “অ্যাই বেবী, এত দুষ্টুমী করবেনা। শোন, আমি তোমাকে গান শোনাই, তুমি ঘুমাও। খবরদার আম্মুকে জ্বালাবেনা!”

এভাবে আস্তে আস্তে সে একজন অদেখা অচেনা আত্মীয়ের সাথে সম্পর্ক গড়ে তুলতে লাগল, তার আগমনের জন্য প্রস্তুত হতে শুরু করল যে ওকে সম্মান করবে, ওর কথা শুনবে, ওর সাথে খেলবে, গল্প করবে। রিহাম আসার কিছুদিন আগে সে ঘোষনা দিল, “বেবীকে ঘরের ভেতরে রাখা যাবে যদি বেবী আব্বুর সাথে ঘুমায়। আমি তোমার পাশেই ঘুমাব”। এই শর্তে রিহামকে ঘরে আনা হোল।

ঘরে আনার পর আম্মা একটু দাদীসুলভ হা-হুতাশ শুরু করতে চেয়েছিলেন, “আহা! রাদিয়ার তো আর আদর নাই!” সেই প্রথম আমি আম্মাকে কড়া করে বলতে বাধ্য হয়েছিলাম, “আম্মা, এই বাচ্চা নিয়ে আমি কি কষ্ট করেছি আপনি দেখেছেন। দুইমাস বয়সের বাচ্চা নিয়ে আমি চাকরী করতে গিয়েছি। বুয়া ছিলনা, দিনরাত বাচ্চা নিয়ে চাকরী করে ঘরে এসেও বাচ্চা নিয়েই থাকতাম। আর আপনি যদি আজকে ওকে বুঝাতে আসেন যে ওকে ওর মা ভালোবাসেনা, আপনার সাথে আমার বিশাল সমস্যা হয়ে যাবে। আমি যেন কাউকে রাদিয়ার সাথে এ’ধরণের কথা বলতে না শুনি”। রাদিয়াকে বুঝিয়ে বললাম, “এটা তোমার বেবী, সুতরাং ওকে দেখাশোনা, শাসন করার দায়িত্ব তোমার”। সেও তখন খুশী হয়ে ভাইকে আপন করে নিল। এটা ছিল আমার এ’যাবৎকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেহেতু আমি চাইনি আমার মেয়ে সেরকম অসহায় বোধ করুক যা আমাকে আমার ভাইকে বন্ধু ভাবার পরিবর্তে শত্রু ভাবতে শিখিয়েছিল।

আমি যেহেতু চাকরী করতাম, আমি জানতাম আমার পক্ষে আমার কোন সন্তানকেই সার্বক্ষণিক চোখে চোখে রাখা সম্ভব হবেনা। তাই ওদের ছোটবেলা থেকেই আমি বাগানে নিয়ে যেতাম। দেখাতাম মানুষের নানামুখী আচরণ। কেউ কেউ সুন্দর ফুল দেখলে প্রশংসাসূচক কিছু বলে চলে যান, কেউ একটু গন্ধ শুঁকে দেখেন, কেউ একটু ছুঁয়ে দেখেন, কেউ ফুলটাকে গাছ থেকে ছিঁড়ে ফেলেন, আর কেউ কেউ নির্দয়ভাবে ফুলটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে আনন্দ উপভোগ করেন। আমি তাদের শেখালাম কেউ তাদের আন্তরিকভাবে ভালোবাসবে, কেউ আদর করবে কিন্তু তাতে স্বার্থের গন্ধ থাকবে, কেউ তাদের ভালোবাসবেনা আর কেউ তাদের ক্ষতি করতে চাইবে। সুতরাং তাদের মেনে নিতে হবে যে পৃথিবীতে সবাই ভালো হয়না, সবাই খারাপও হয়না। কিন্তু যতদিন জানা না যায় কে কেমন ততদিন নিজের নিরাপত্তার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। ইনোসেন্স খুব ভালো জিনিস, কিন্তু এই ইনোসেন্স যদি কাউকে সহজ শিকারে পরিণত করে তাহলে তার কোন মূল্য নেই। একটা কার্টুনে ভারী মূল্যবান কথা শুনেছিলাম, পরে Platoon ছবিটিতে একই কথার পুণরাবৃত্তি শুনেছিলাম, “The first victim of war is innocence”. আপনি ততদিনই নিষ্পাপ হওয়া পোষাতে পারেন যতদিন এটা আপনার নিরাপত্তার পরিপন্থি না হয়। আজকের যুগে শিশুদের ভুলিয়ে রেখে নিরাপদ রাখা আর সম্ভব নয়। সুতরাং তাদের নিরাপত্তার ব্যাপারে তাদের নিজেদেরই সচেতন করে তুলতে হবে। এক বান্ধবী বলেছিলেন ওনার মা ওনাকে ছোটবেলা থেকেই এই ধারণা দিয়ে বড় করেছেন যে শ্বাশুড়ীরা মায়ের মতই বৌদের আপন করে নেয়, বৌ আসার সাথে সাথে নিজের আঁচল থেকে চাবি খুলে বৌকে তুলে দেয়। তাই তিনি যখন শ্বশুরবাড়ী গিয়ে দেখলেন যে শ্বাশুড়ী মারমুখী তিনি কিছুতেই ব্যাপারটা বুঝতে পারছিলেন না যে কি হোল এবং আদৌ সংসার করবেন কি’না ভেবেই তিনি অনেকখানি সময় ব্যায় করেছেন যা হয়ত আরো ফলপ্রসুভাবে কাজে লাগানো যেত। ছেলেমেয়েদের বোঝানো উচিত যে ভালো আত্মীয়স্বজন পাওয়া গেলে ভালো নতুবা যে যেমন তাকে সেভাবেই মেনে নিতে হবে। তাঁরা আমাদের প্রতি দায়িত্ব পালন করুন বা না করুন বা যেমন আচরণই করুন, আমরা নিজেদের আচরণ এবং কাজগুলোই মূল্যায়ন করে নির্ণয় করার চেষ্টা করব যে আমরা কতটুকু ভালো বা খারাপ। তাহলে আর কারো অন্যায় আমাদের মানবসত্ত্বা থেকে আমাদের বিচ্যূত করতে পারবেনা।

সময় পেলেই আমাদের সন্তানদের সাথে বিবিধ জ্ঞানবিজ্ঞানবিষয়ক কথাবার্তা বলা উচিত যেন তারা চিন্তার খোরাক পায় এবং আজেবাজে বিষয় বা সময় নষ্ট করার মত ব্যাপারগুলো থেকে তাদের বিরত রাখা যায়। এই আলোচনার ফাঁকেফাঁকে তাদের বয়ঃসন্ধিক্ষণে যেসব পরিবর্তন আসবে তার জন্য মানসিকভাবে প্রস্তুত করা উচিত যেন তারা ঘাবড়ে না যায়, যেন তারা বুঝতে পারে কেন যেই ছেলে বা মেয়েটির সাথে কাল পর্যন্ত খেলা দোষণীয় ছিলোনা তার পাশে বসা যাবেনা বা তার সাথে কথাবার্তায় সংযত হতে হবে, তারা যখন পরস্পরের প্রতি আকর্ষণ অনুভব করা শুরু করবে তখন সে যেন বাবামায়ের সাথে এ’ব্যাপারে সরাসরি কথা বলতে পারে এবং তাদের কাছ থেকে দিকনির্দেশনা নেয়ার সুযোগ পায় এই পথ খোলা রাখা খুব জরুরী। কারণ আমি প্রায়ই ছেলেমেয়েদের দেখেছি এসব ব্যাপারে বন্ধুবান্ধবের সাথে আলাপ পরামর্শ করতে, বলাইবাহুল্য এই বন্ধুর জানার বা ভাবার পরিধি বাবামায়ের সমকক্ষ নয় সুতরাং আমার সন্তান ভুলপথে পরিচালিত হতে পারে যদি না আমি তার সাথে এ’ব্যাপারে খোলাখুলি কথা বলি, তাকে বোঝাই এই আকর্ষণ অস্বাভাবিক নয় তবে তাকে নিয়ন্ত্রণ করতে হবে সঠিক সময় এবং সঠিক মানুষটিকে না পাওয়া পর্যন্ত।

আমার বিয়ের পর আমি দেখে অবাক হয়ে গেলাম যে আম্মা প্রতিদিন ফজরের সময় এতবড় ছেলেকে নামাজ পড়ার জন্য ডাকতে আসেন, যে ছেলেকে উনি নিজেই আলিম বানিয়েছেন! তার কিছুদিন পর শুরু হোল জেরা, আমি প্রতি ওয়াক্তে নামাজ পড়ি কি’না, ওনার ছেলে কোন কোন সময় ফাঁকি দেন। উনি এমনকি পুত্র এবং পুত্রবধুর সহকর্মীদের ফোন করে জিজ্ঞেস করতেন আমরা কর্মস্থলে ঠিকভাবে নামাজ পড়ি কি’না। আমার মাঝে মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছে করত, “আম্মা, আমরা কি নামাজ আপনার জন্য পড়ি না আল্লাহর জন্য? আপনাকে ফাঁকি দেয়া কোন ব্যাপার না যেহেতু আমরা ছ’টায় বের হই রাতে অনেক সময় বারোটা সাড়ে বারোটায় ফিরি। কিন্তু নামাজ যার জন্য তাঁকে তো ফাঁকি দেয়ার কোন জায়গা নেই। তাহলে আপনি এত প্যারানয়েড হচ্ছেন কেন?” কখনো জিজ্ঞেস করা হয়নি।

পক্ষান্তরে আমি আমার সন্তানদের বুঝিয়ে দিয়েছি ওদের কাজের দায়িত্ব ওদের, আল্লাহর কাছে জবাবদিহিতাও ওদের। ফলাফল হোল, মাঝেমাঝে ওয়াক্তের কথা মনে করিয়ে দিতে হয় বটে (যেহেতু ক্যানাডায় আজান দেয়না) তবে রাদিয়া মোটামুটি নিজ দায়িত্বে নামাজ পড়ে। পর্দা করার সিদ্ধান্তও সে নিজেই নিয়েছিল যদিও আমি ওকে বলেছিলাম সে চাইলে আরো কিছুদিন অপেক্ষা করতে পারে কিন্তু শুরু করলে আর ছাড়তে পারবেনা যেহেতু এটা আল্লাহর নির্দেশ মানার ব্যাপার। সে আটবছর বয়সেই নিজ দায়িত্বে পর্দা শুরু করে। ওদের ছোটবেলা থেকেই স্পষ্ট করে দিয়েছি কোন ব্যাপারগুলো permissible এবং কোনগুলো নিষিদ্ধ, কোন কাজের কি ফলাফল। প্রতিবেশীদের কাছে শুনেছি রাদিয়া তাঁদের বাচ্চাদের বোঝায় কি করা উচিত এবং কোনটা না করা উচিত আর রিহাম তো আমার সামনেই সবার ওপর পন্ডিতি করে! ওরা অন্যায় করলে আমি ওদের ডেকে বুঝিয়ে দেই কেন তাদের বকা বা শাস্তি দেয়া হোল। কারণ আমি তাদের মারলে কোন কাজ হবেনা যদি ওরা না বোঝে ওরা ভুলটা কোথায় করল। বোঝানোর পর আমি ওদেরই জিজ্ঞেস করি ওরা শাস্তিটা সঠিক মনে করে কি’না। এতে করে তারা নিজেরদের কাজের দায়দায়িত্ব নেয়ার ব্যাপারে সচেতন হয়।

আমি বাচ্চাদের বাসার সব কাজে জড়িত করার চেষ্টা করি যেন ওরা অনুভব করে এটা ওদের বাসা এবং এখানে সবার প্রতি এবং সবকিছুর প্রতি ওদের দায়িত্ব রয়েছে। দায়িত্ব ছাড়া leadership qualities গড়ে তোলা কোনভাবেই সম্ভব নয়। আমার বাবা বলত প্রত্যেক ব্যক্তির, সে হোক ছেলে বা মেয়ে, সবধরণের কাজ করার অভ্যাস এবং অভিজ্ঞতা থাকা দরকার। আমার এস এস সি পরীক্ষার পর তিনমাসের ছুটিতে বাবা আমাকে রান্না আর কম্পিউটার রপ্ত করার জন্য বসিয়ে দিল। বাংলাদেশে এসে ঘরের renovation চলাকালীন সময় বাবা এবং মিস্ত্রীদের সাথে থেকে প্ল্যানিং, কন্সট্রাকশনের কাজ, ফার্নিচার বানানোর কাজ, ঘরবাড়ী এবং কাঠের জিনিস রঙ করা, একটা প্রতিষ্ঠান গড়ে তোলা- এসব ব্যাপারে অংশগ্রহণ এবং সহযোগিতা করতে গিয়ে শেখা হয়েছে অনেক কিছু যা পরে কাজে লেগেছে। তাই আমিও আমার মেয়েকে সব কাজ করতে দেই যেন আমাকে ফ্যাশনমাফিক বলতে না হয়, “আমার বাচ্চারা তো কিছু পারেনা!” পারবেনা কেন? প্রথমে ভুল করবে, কিছু জিনিস নষ্ট করবে, খুব বেশী সুন্দর হয়ত হবেনা- তারপর একসময় ঠিকই পারবে। কিন্তু পারেনা পারেনা করে করতে না দিলে তো সে কখনোই শিখবেনা! তাছাড়া সবাই মিলে কাজ করতে করতেই তো সে শিখবে বাবামায়ের প্রতি সহানুভূতি, ভাইবোনদের প্রতি দায়িত্ব, পারিবারিক মায়ামমতা এবং সবাই মিলে কিছু শেয়ার করার আনন্দ!

আজকাল এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে যে বাবামা মনে করেন বাচ্চাদের বাসায় কোন দায়িত্ব দেয়া মানে তাদের প্রতি অবিচার করা। তাঁরা সবাইকে এত বেশী স্বাধীনতা দেন যে ভাইবোন পর্যন্ত একজন আরেকজনের সাথে কিছু ভাগাভাগি করতে রাজী হয়না, পরস্পরের প্রতি কোন দায়িত্ব বা সহানুভূতি অনুভব করার প্রয়োজন মনে করেনা। কিন্তু বাচ্চাদের সাথে কথা বলার একটা গুরুত্বপূর্ণ বিষয় হোল কেনাকাটার ক্ষেত্রে সংযম। আজকাল দেখা যায় আমরা বাচ্চাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিসই দেই যেন “চাহিবামাত্র দিতে বাধ্য থাকিবে”। কিন্তু একটা বাচ্চা কিছু চাইলে তার সাথে আলাপ করা দরকার সে এটা কেন চায়, এটা দিয়ে সে কি করবে, এর উপকারীতা ও অপকারিতাগুলো কি কি, জিনিসটি আদৌ তার প্রয়োজন আছে কি’না এবং এই টাকায় সে আর কি করতে পারে। এতে করে ওরা স্বার্থপর হবার পরিবর্তে needs এবং wants এর মধ্যে তফাত করতে শিখবে, অন্যের প্রয়োজনকে নিজের প্রয়োজনের ওপর অগ্রাধিকার দিতে শিখবে। সর্বোপরি আমি তাদের মৃত্যু সম্পর্কে বলি যেন তারা বুঝতে পারে যে এই জীবনের মূল্য কেবল পরবর্তী জীবনের পাথেয় সঞ্চয়ের জন্যই, সুতরাং এখানে সব পেয়ে যেতে হবে বা না পেলে হতাশ হতে হবে এই ধারণা তাদের স্পর্শ করেনা।

তবে কথা বলার সবচেয়ে বড় দিক হোল শোনা। আমাদের সন্তানেরা কি বলতে চায়, কি জানতে চায়, তাদের মনে কি প্রশ্ন তা আমাদের শুনতে হবে, জানতে হবে এবং যে শিশুটির স্বভাব যেমন সেভাবেই তার সাথে কথা বলতে হবে। যেমন বাবা আমাকে ডাকত “রেহনুমা বিনত ট্যারা”। আমাকে সুন্দর করে বললে আমি তার জন্য জীবন দিতেও প্রস্তুত। কিন্তু কেউ আমার দিকে একটু বাঁকা করে তাকালো তো সব শেষ। আমার এই স্বভাব না বোঝার কারণে মা’র সাথে আমার অপূরণীয় দুরত্বের সৃষ্টি হয়ে গিয়েছে। আমি আমার দুই সন্তানের মধ্যেই দেখি রাদিয়া ওর বাবা আর বড়মামার মত নিয়ম মেনে চলা, অনুগত, ভালো মানুষ। কিন্তু রিহাম আমার মতই উচ্ছৃংখল, ট্যারা। সুতরাং রাদিয়াকে বোঝানো অনেক সহজ ওর কাছে আমাদের আশা-আকাংখা কি। কিন্তু রিহামকে পাম্প দিয়ে বলতে হয়, “যদি তুমি অমুক কাজটা কর তাহলে তোমাকে আম্মু স্পেশাল আদর করব আর যদি তমুক কাজটা কর তাহলে আম্মু আর তোমার সাথে কথা বলবনা”।

সুতরাং বাচ্চাদের সাথে কথা বলার জন্য সময় ব্যায় করতে হবে, আগে থেকে স্ক্রিপ্ট তৈরী করে বসতে হবে যেন একটা শব্দও এদিক ওদিক না হয়, যেন ওদের সমস্ত প্রশ্নের জবাব প্রস্তুত থাকে আর প্রস্তুত না থাকলে যেন আমরা সৎসাহস নিয়ে বলতে পারি, “আমি পরে জেনে তোমাকে জানাব”, ওরা যেন অবহেলিত বোধ না করে এবং সবচেয়ে বড় কথা এই কথাবার্তার মাধ্যমে যেন ওরা অনুভব করে যে ওরা ব্যাপারগুলো স্পষ্ট বুঝতে পারছে এবং ওদের বাবামা ওদের ভালোবাসে বলেই এই কথাগুলো ওদের বলা হচ্ছে।

শিমু, আমি আর ল্যাংড়া সৈনিক

জীবনে একবারই প্রেমে পড়েছিলাম। তাও শিমু আর আমি একসাথে, একইসময়, একই লোকের …

ছোটবেলা থেকেই আমার কোনকিছুতে আগ্রহের ঘাটতি ছিলোনা। বাবার সাথে পাখী শিকার, মাছ ধরতে যাওয়া, কাঠ কেটে ফার্নিচার বানানো, ছবি আঁকা, চিঠি লেখালেখি – নিজে নিজে লুকিয়ে চুরিয়ে গল্পকবিতা লেখালেখি, গান গাওয়া, কবিতা আবৃত্তি, বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা – স্ট্যাম্প, কার্ড, পাথর জমানো- কেক, বিস্কুট, পুডিং বানানো – আর দিনরাত বই পড়া …

বই পড়তে পড়তে আমি নাওয়া খাওয়া ভুলে যেতাম; দেশ, বিদেশ আর মহাবিশ্ব ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যেতাম; নানান আশ্চর্য, অদ্ভুত আর আজগুবি জিনিস দেখতে দেখতে অভিভুত হয়ে যেতাম; নিউটন, সক্রেটিস আর শেক্সপিয়ারের সাথে আলাপ শেষই হতনা; কখনো রূপকথার রাজ্যে হারিয়ে যেতাম আর কখনো ইদ্রিস (আ) এর সাথে বেহেস্ত দোজখ ঘুরে আসতাম!

তরপরে সময় পেলে বুয়াদের প্রিয় ছবি দেখতাম, “বন্ধু হতে গিয়ে আমি শত্রু বলেই গণ্য হলাম” বা “কিয়া হুয়া তেরা ওয়াদা, উয়ো কাসাম, উয়ো ইরাদা”। ভাইদের সাথে কার্টুন দেখতাম সকাল থেকে বিকেল পর্যন্ত!

আমার নিজের পৃথিবী নিয়ে আমি এত ব্যস্ত ছিলাম যে এর বাইরেও যে কিছু থাকতে পারে আমার কখনো মনেই হয়নি। মাত্র কয়েকজন বন্ধুবান্ধব নিয়েই আমি পরিপূর্ণ সন্তুষ্টির সাথে জীবন কাটাচ্ছিলাম।

তারপর অনার্সে ভর্তি হলাম। ক্লাসের সবাই বলতে লাগল, “আমাদের ক্লাসে ঠিক তোমার মত আরেকটা মেয়ে আছে”। আমি একটু আশ্চর্য হলাম। ক্লাস শুরু হওয়ার পর একমাস চলে গেল, আমার মত আরেকটা মেয়ে, আমারই ক্লাসে পড়ে, অথচ তাকে আমি কোনদিন দেখিনি! তার কয়েকদিন পর ক্লাসের অন্যান্য বন্ধুরা পরিচয় করিয়ে দিলো, “এই যে, শিমু, যার কথা বলছিলাম তোমাকে!” দেখলাম আমার মতই লম্বা, চওড়ায় আমার চাইতেও কম, আমার মতই সাদা অ্যাপ্রন সাদা স্কার্ফ পরা একটা মেয়ে। আমি দেখতে ভালো না কিন্তু ও দেখতে বেশ সুন্দর। পরিচিতি পর্ব শেষ হতে না হতেই ক্লাস শুরু হয়ে গেল। আমরা যে যে যার যার জায়গায় বসে পড়লাম। বাসায় যাওয়ার জন্য গেটে দাঁড়িয়ে আছি সে সময় আবার শিমুর সাথে দেখা। ও বলল, “তুমি নামাজ পড় তো?” আমি একটু আশ্চর্য হলাম, তারপরও বললাম, “হ্যাঁ, তুমি?” ও বলল, “আমিও। আমাদের মনে হয় বন্ধুত্ব হবে”। তারপর দু’জনে রিক্সা নিয়ে সম্পূর্ণ উল্টোদিকে রওয়ানা দিলাম। যেতে যেতে ভাবলাম এমন অদ্ভুত মানুষ কোনদিন দেখিনি!

কয়েকদিন যেতে না যেতেই টের পেলাম কেন শিমুকে কোনদিন দেখিনি। আমি ক্লাসে যেতাম ক্লাস শুরু হবার অন্তত আধঘন্টা আগে, সবার সাথে কথা বার্তা বলতাম, তারপর ধীরে সুস্থে সেলিনার পাশে গিয়ে বসতাম। অনার্সের প্রথম দিন থেকে মাস্টার্সের শেষদিন পর্যন্ত সেলিনার পাশেই বসেছি। আমাদের ক্লাসে সবচেয়ে কম কথা হত ওর সাথে আর তাই ওর সাথে বসলে ক্লাসের মাঝখানে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা ছিল সবচেয়ে কম। সেলিনাও আগে আসলে আমার জন্য ফার্টবেঞ্চে জায়গা রাখত। শিমু আসত থার্ড পিরিয়ডে, ঘুম থেকে উঠে আরাম আয়েশ করে, ঢুলতে ঢুলতে। স্যার/ম্যাডাম ক্লাস থেকে বেরিয়ে গেলে আস্তে করে থার্ড বেঞ্চে গিয়ে বান্ধবীদের সাথে বসত। গল্প করত পুরা ক্লাস আর ক্লাসের ওপর কমেন্ট্রি লিখত। ওর নামই হয়ে গেল “থার্ড পিরিয়ড শিমু”।

কিন্তু ক্লাসের সবাই ওকে খুব পছন্দ করত। কিছুদিন পর আমিও এর কারণটা বুঝতে পারলাম। ওর মানুষের সাথে মেশার, চিন্তা করার একটা অদ্ভুত ক্ষমতা আছে। আমার চেহারায়ই মনে হয় কিছু একটা সমস্যা আছে। আমি দুষ্টুমী করলেও মানুষ অনেকক্ষণ চিন্তা করে আমি সত্যিই দুষ্টুমী করছি কি’না, যেন আমি শুধু সিরিয়াস কথাই বলতে পারি, আমি দুষ্টুমী করব এটা অসম্ভব ব্যাপার! আর ও দুষ্টুমী করতে করতে অনেক কড়া কড়া কথা বলে ফেলত অথচ কেউ কিছু মনে করতনা। যেমন একদিন এক বান্ধবী বলল,”তোদের প্র্যাক্টিকাল খাতাটা দিস তো, আমি কাল ক্লাস করতে পারিনি”। আমি বললাম, “ঠিক আছে, কোন সমস্যা নাই”। শিমু বলল, “কেন, কাল কই ছিলি?” সেই বান্ধবী বলল, “কাল ‘ও’র সাথে বাইরে গেছিলাম”। আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম কার সাথে, তার আগেই শিমু বলল, “আমরা তোকে খাতা দিতে পারবনা। আমরা শুধু ভদ্র মেয়েদের খাতা দেই আর তুই হলি স্বরে অ ভদ্র”। অথচ সেই বান্ধবী হাসতে হাসতে চলে গেল!

কিভাবে যেন শিমুর সাথে খুব বন্ধুত্ব হয়ে গেল আমার। ফার্স্ট ইয়ারে আমাদের একটা গল্প ছিলো, দুই বুড়োর যারা পরস্পরকে সহ্য করতে পারেনা কিন্তু একজন আরেকজনকে ছাড়া থাকতেও পারেনা। আমাদের ক্লাসের সুতপা প্রায়ই বলত, “তোদের দু’জনকে দেখলেই আমার ঐ দুই বুড়ার কথা মনে হয়”। সেকন্ড ইয়ারে উঠে আমরা হয়ে গেলাম ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ, দুই পার্টনার! শিমু ছিল ফিলসফার প্রকৃতির তাই ওর নাম ছিল ওয়ার্ডসওয়ার্থ আর আমার ছিল প্রচন্ড মেজাজ তাই আমার নাম কোলরিজ! আর থার্ড ইয়ারে ও আমার চেয়েও আমার ভাইকে নিয়ে বেশী ব্যস্ত ছিল। ওর বিয়ে হয়েছে আমার এক দুঃসম্পর্কের ভাইয়ের সাথে।

ক্লাসে ছাড়া আর সব জায়গায় আমরা একসাথে ঘুরতাম। একদিন কমনরুমে আপুরা আমাদের জিজ্ঞেস করল আমরা জমজ কি’না! আরেকবার একব্যাক্তি তার এক বান্ধবীকে বললেন অমুক ডিপার্টমেন্টের একটা মেয়ে আছে যে দেখতে এমন এমন। কিন্তু বান্ধবী এটাই নির্ধারণ করতে পারলেন না যে মেয়েটা শিমু না আমি! তাই ঐযাত্রা আমরা দু’জনেই কোরবানী হওয়া থেকে বেঁচে গেলাম। আমার বিয়ের বহু পরে একদিন আগ্রাবাদ হোটেলে গেছি হাফিজ সাহেবের সাথে। ওখানকার এক কর্মকর্তা দূর থেকে আমাকে দেখে হাফিজ সাহেবকে বললেন, “আপনার বৌ তো আমার কাজিন হয়!” আমি তো হতবাক! কাছে যাওয়ার পর উনি বললেন, “আপনি শিমু না?” বেচারাকে নিরাশ করে বলতে হোল, “না ভাই আমি শিমুর বান্ধবী”।

ওর সাথে ঘুরতে ঘুরতে আমার অনেক মানুষজনের সাথে পরিচয় হোল। আর আমার বান্ধবীর সাথে চলতে চলতে বুঝতে পারলাম ও কেন এত অন্যমনষ্ক থাকে। আমি পৃথিবীর শুধু ইনোসেন্ট দিকটাই দেখেছি। কিন্তু ও আরো অনেক কিছু জানত যা আমি কখনো কোন বইয়ে পড়িনি। সমাজ সংসারের এই পঙ্কিলতা নিয়ে ও অনেক ভাবত। আর ওর এই ভাবনা আমাকেও অনেক ভাবতে শেখালো। আমি আমার নিরাপদ বুদবুদ থেকে কিছুটা বেরিয়ে এলাম যদিও ওর মত করে পৃথিবীটাকে জড়িয়ে ধরতে আমি কখনোই পারিনি, পারবনা।

ও আমাকে বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে নিয়ে যেত আর আমার পরিবার যেহেতু ঠিক ইসলামিক ছিলোনা, আমার সবরকম চেষ্টায় ও সবসময় উৎসাহ দিত। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে আমি বক্তৃতা দেয়ার সময় ও আমাকে ইশারা করে হাসতে মনে করিয়ে দিত। কলেজের বাইরেও আমরা প্রতিদিন প্রায় দু’ঘন্টা কথা বলতাম পৃথিবীর তাবৎ বিষয় নিয়ে যেন আমাদের আলাপ আলোচনার ফসল হিসেবে পৃথিবী সুন্দর, শংকামুক্ত, স্বপ্নীল হয়ে যাবে! আমরা যখন সপরিবারে ইন্ডিয়া চলে গেলাম, তখন দেখা গেল দেশে আসলে অধিকাংশই আমরা কলেজ থেকে ওর বাসায় চলে যেতাম। কখনো অন্যান্য বান্ধবীদের নিয়ে আমরা স্টাডি গ্রুপ করে পড়তাম বা ব্রিটিশ কাউন্সিলে গিয়ে বিবিধ সাব্জেক্ট নিয়ে গবেষনা করতাম। কখনো শপিং করতে যেতাম যা আমাকে কোনদিন করতে হয়নি, সুতরাং শিমুই ছিল ভরসা। কখনো দু’জনে মিলে ওর সমস্ত মামাখালাদের বাসায় বেড়াতে বের হতাম। দিনের কিয়দংশ ওর বাসায় কাটিয়ে বাসায় ফিরেই আবার ফোনে আলাপ শুরু হত। পরীক্ষার সময় একবার ও আমাকে হাইজ্যাক করে ওর বাসায় নিয়ে গেল দু’জনে মিলে পড়ার জন্য।

এভাবেই চলছিল জীবন।

একদিন শুক্রবারের মুভি দেখছি অলস সময় কাটানোর জন্য। কোন বিখ্যাত কিছু না। বিটিভির সাপ্তাহিক মুভি। গল্পটাও এমন বিশেষ মনে রাখার মত কিছু ছিলোনা বা হয়ত খেয়াল করে দেখিনি বলেই মনে নেই। কিন্তু ছবিটাতে একজন ল্যাংড়া সৈনিক ছিলো। ঐ অভিনেতাও তেমন আহামরি কেউ নয় নিশ্চয়ই কারণ এর আগে বা পরে তাকে আর কোথাও দেখিনি। দেখতেও তেমন কিছু না। কিন্তু বেচারার জন্য আমার এমন কষ্ট লাগছিল!

ছবি শেষ হতেই শিমুর সাথে যোগাযোগ। কে ফোন করেছিলাম তাও মনে নেই। ফোন করেই ও বলল, “রেহনুমা, আমি প্রেমে পড়ে গেছি!”
আমি বললাম, “আমিও!”
ও বলল, “কার সাথে?”
আমি বললাম, “আগে বল তুমি কার সাথে?”
ও বলল, “একজন সৈনিকের সাথে …”
আমি বললাম, “লোকটা ল্যাংড়া, তাই তো?”
ও প্রথমে বলল, “হ্যাঁ”, তারপর একটু পর যখন খেয়াল করল আমি কি বলেছি, অবাক হয়ে বলল, “তুমি কি করে জানলে?”
“সেটাই তো দুঃখ হে বন্ধু!”, বললাম আমি, “আমরা দুজনেই একই লোকের প্রেমে পড়েছি!”
এই নিয়ে কিছুক্ষণ দুষ্টুমী করার পর শিমু বলল, “হায় রে! হলিউড, বলিউড মায় ঢালিউদের কোন হিরোদের দেখে আমাদের অ্যাকশন রি-অ্যাকশন কিছুই হোলনা, আর একজন ল্যাংড়া সৈনিককে নিয়ে আমাদের দুই বান্ধবীর টানাটানি!” অনেকক্ষণ হাসলাম দু’জনে।

ক’দিন আগে ক্যানাডিয়ান কোন পুরাতন ছবির চ্যানেলে দেখাচ্ছিলো ছবিটা। ছবিটা দেখার মত কিছু না। কিন্তু ঐ ল্যাংড়া সৈনিককে দেখে আবার আগের মতই মায়া লাগল। কিন্তু এবার আরো বেশী মায়া লাগল শিমুর জন্য যে আজ আমার কাছ থেক অনেক অনেক দূরে, ইচ্ছা হলেও ফোন করে যাকে বলতে পারিনা, “শিমু আমি প্রেমে পড়ে গেছি!”